জয়পুরহাটঃ জেলার আক্কেলপুরে তারুণ্যের কাঠগড়ায় এক ঘণ্টা দাঁড়িয়ে এলাকার নানা সমস্যামূলক প্রশ্নের জবাব দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
আজ রবিবার সকাল ১১টায় আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজে ‘তারুণ্যের স্বপ্ন,তারুণ্যের চিন্তা’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন মুজিবর রহমান সরকারি কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলীর সঞ্চালনায় ঘণ্টাব্যাপী সংলাপ অনুষ্ঠানে প্রশ্ন করেন কলেজের শিক্ষার্থীরা।
তারা কলেজের সমস্যার পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো, কলেজের ক্যান্টিন ব্যবস্থা চালু করা, শহরের যানজট নিরসন, মাদকের ভয়াবহতা রোধ, ইভটিজিংমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং স্থানীয় হাট ও বাজারগুলোতে অতিরিক্ত টোল আদায় বন্ধ করার দাবি করেন। হুইপ সমস্যাগুলোর সাথে একমত পোষণ করে আইন-শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় সমাধান করার আশ্বাস দেন।
এ সময় হাট-বাজারের অতিরিক্ত টোল আদায় বন্ধের জন্য আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি অতিরিক্ত টোল আদায় বন্ধ করার অঙ্গীকার করেন। জনপ্রতিনিধি হয়ে সরাসরি মাঠ পর্যায়ে এসে তরুণদের অংশগ্রহণে এমন অনুষ্ঠানের আয়োজনে হাজির থেকে সরাসরি প্রশ্নোত্তর পর্বের সংলাপ অনুষ্ঠানে অংশ নেওয়ায় কলেজের শিক্ষার্থীরা হুইপ স্বপনের প্রতি কৃতজ্ঞতা জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে হুইপ বলেন, ‘তদবিরে চাকরি হয় না। তোমরা নিজেকে গড়ো। আমাদের দেশের কন্যারা এখন অনেক এগিয়ে।’ এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ ও বিরোধী দলীয় নেত্রীর উদাহরণ টেনে কন্যা শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আয়তনে আমাদের দেশ বিশ্বের মধ্যে ৯৪ এবং জনসংখ্যায় ৮ নম্বরে। দেশের এক কোটি মানুষ বিদেশে চাকরি করে রেমিট্যান্স পাঠাচ্ছেন। আগামীতে আরো এক কোটি মানুষকে বিদেশে পাঠানোর টার্গেট এ সরকারের আছে। আমরা আমাদের জনগোষ্ঠীকে টেকনিক্যালি শিক্ষিত করে কাজে লাগাতে চাই।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী, কলেজের অধ্যক্ষ সোলায়মান আলী, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম স্বাধীন, আতিকুর রহমান মিঠুস প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
