টাঙ্গাইলঃ জেলার ভূঞাপুর উপজেলার লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাছান আলীর বিরুদ্ধে ভুয়া সদস্য দিয়ে গভর্নিংবডি পরিচালনা, শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, কলেজের গাছ বিক্রির টাকা আত্মসাৎ ও ফরম পূরণ এবং ভর্তিতে অতিরিক্ত ফি আদায়সহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
কলেজ সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোতে ডিজি ও শিক্ষাবোর্ডের অনুমোদনক্রমে তিনজন বিদ্যোৎসাহী সদস্য গভর্নিংবডিতে অন্তর্ভুক্ত হতে পারেন। অন্যদিকে কোনো কলেজে যদি কারিগরি শাখা চালু থাকে, সেক্ষেত্রে আবেদন করলে কারিগরি শিক্ষাবোর্ডও তাদের প্রতিনিধি হিসাবে একজন সদস্যকে অনুমতি দিয়ে থাকে। অধ্যক্ষ হাছান আলী গভর্নিংবডিতে উপরোক্ত কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই দেড় বছরেরও বেশি সময় ধরে বোর্ড প্রতিনিধি হিসাবে স্থানীয় শিয়ালকোল গ্রামের হাসান ছারোয়ার লাভলুকে ও লক্ষ্মীপুর গ্রামের সেলিম পারভেজকে কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধি দেখিয়ে গভর্নিংবডির বিভিন্ন মিটিংয়ে তাদের উপস্থিতি ও স্বাক্ষরে বৈধ-অবৈধ সব কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
সম্প্রতি বিষয়টি ফাঁস হয়ে পড়লে, ভূঞাপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত সদস্যদ্বয়ের গভর্নিংবডিতে সদস্য থাকার যৌক্তিকতা নিয়ে জানতে চাইলে অধ্যক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। এছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এতে নিয়োগপত্র ও যোগদান করার পর তার নিয়োগের বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গবেষণাগার/ল্যাব সহকারী নবসৃষ্ট পদে পরীক্ষায় দ্বিতীয়স্থান অধিকারীকে উৎকোচের বিনিময়ে নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে।
এ নিয়ে কলেজের শিক্ষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক বলেছেন, কলেজ প্রতিষ্ঠার পর থেকে বিগত ২৮/২৯ বছরে এমন জালিয়াতি তারা আর কোনোদিন দেখেননি।
উল্লেখ্য ৩০ সেপ্টেম্বর সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেলের সভাপতিত্বে গভর্নিংবডির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যক্ষের অনিয়ম তদন্ত ও অভ্যন্তরীণ অডিট সম্পন্নের জন্য গভর্নিংবডির ডিজি প্রতিনিধি সুরুজ্জামানকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ব্যাপারে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাছান আলী শিক্ষক নিয়োগে করণিকের ভুল ধরে দায়ভার এড়িয়ে যান এবং অডিটের কথা বলে অন্যান্য বিষয়গুলো এড়িয়ে যান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
