সাভারঃ শিক্ষার্থীকে বাসে উঠতে না দেওয়ায় সেলফি পরিবহনের ২০টি বাস আটকে রাখার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের এক নেতার অনুসারীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বাসগুলো আটকে রাখা হয়। প্রায় তিন ঘণ্টা পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
শাখা ছাত্রলীগ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাখা ছাত্রলীগের কর্মী আব্দুল্লাহ আল সাদ বিশ্ববিদ্যালয়ে ফিরতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গাবতলীতে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল করা সেলফি পরিবহনের একটি বাসে উঠতে যান।
কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুনে তাঁকে বাসটিতে উঠতে দেননি চালকের সহকারী। এর জের ধরে গতকাল সেলফি পরিবহনের ২০টি বাস আটকে রাখেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের ৪৯ ও ৫০ ব্যাচের কর্মীরা। তাঁরা সবাই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী।
শাখা ছাত্রলীগের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদ বলেন, ‘বৃহস্পতিবার রাতে গাবতলী থেকে ক্যাম্পাসে আসার জন্য সেলফি পরিবহনের বাসে উঠতে যাই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাব শুনেই বাসের হেল্পার আমাকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। ধাক্কার ফলে আমার ব্যাগে থাকা টাচ স্ক্রিন ল্যাপটপের স্ক্রিনে সমস্যা হয়েছে।’
গতকাল ঘটনার সময় সেলফি পরিবহনের একটি বাসের চালক তাজমুল মিঞা বলেন, ‘গাড়িভর্তি যাত্রী নিয়ে ডেইরি গেট আসার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস আটকান। বাসের চাবি নিয়ে নেন।
এভাবে আমাদের ২০টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা।’
নাম প্রকাশ না করার শর্তে বাস মালিকপক্ষের একজন সদস্য বলেন, ২০ হাজার টাকার বিনিময়ে তিন ঘণ্টা পর বাসগুলো ছাড়তে রাজি হয়েছে শাখা ছাত্রলীগ।
তবে এই অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। বাস আটকানোর ঘটনা শুনেছি। সমস্যার সমাধান হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
