‘ইয়াবা ব্যবসায়ী’ আখ্যা দিয়ে এইচএসসি পরীক্ষার্থীকে পেটালো এসআই

রাজবাড়ীঃ জেলায় এক এইচএসসি পরীক্ষার্থীকে মারধর ও ঘুষ দাবির অভিযোগ উঠেছে এসআই আসিফ আহমেদের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্র রিফায়াত ইবনে রইস আরাফ সোমবার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছে। আরাফ রাজবাড়ী শহরের নুরপুর গ্রামের রইসউদ্দিন বাবুর ছেলে। এ বছর রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় সে।

অভিযুক্ত এসআই আসিফ আহমেদ রাজবাড়ী শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সামিট শিক্ষাসফর শেষে রোববার রাত পৌনে ১টার দিকে আরাফের বড় ভাই রিয়াসাত বাড়ি ফিরে আসেন। ভুলে তার ভাই ল্যাপটপ ও ব্যাগ শহরের মুরগির ফার্ম সংলগ্ন বাসস্ট্যান্ডে ফেলে আসে। আরাফ তার ভাইয়ের ল্যাপটপ ও ব্যাগ আনতে যাচ্ছিল। এ সময় সে স্কুল সংলগ্ন ২ নম্বর রেলগেটে পৌঁছালে এসআই আসিফসহ তিনজন পুলিশ তাকে থামায়। নানা প্রশ্ন করার এক পর্যায়ে ‘ইয়াবা ব্যবসায়ী’ বলে আরাফকে মারধর করা হয়। এসআই আসিফ তার পকেটে কিছু ঢোকানোর চেষ্টা করেন। তার বাধার কারণে তা না পেরে টাকা আনতে বাড়িতে ফোন দিতে বলেন। বিষয়টি ফোনে বাড়ির সদস্যদের জানায় আরাফ। পরিবারের লোকজনের আসতে দেরি হওয়ায় তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এসআই। কিছুক্ষণ পর তার পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসে এবং সেখানে ক্যামেরা দেখে এসআই আসিফ তাকে ছেড়ে দেন। ভোরে তিনি (এসআই আসিফ) তাদের বাড়িতে গিয়ে ভুল স্বীকার করেন।

অভিযুক্ত এসআই আসিফ আহমেদের মোবাইল ফোনে কল করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। আপাতত তাকে রাজবাড়ী পুলিশ লাইনে সংযুক্ত করে রাখা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.