এইমাত্র পাওয়া

মনোহরদীর মহিলা শিক্ষক হোস্টেল এখন শিক্ষা অফিসের গুদাম!

নরসিংদীঃ দোতলা ভবন। আসবাপত্র- খাট, চেয়ার, টেবিল ও ডেস্ক সুবিধাসহ ৬ রুমে ১২ জনের আবাসন ব্যবস্থা মহিলা শিক্ষক হোস্টেলে। সেটি এখন পরিত্যক্ত অবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বইয়ের গুদামে পরিণত হয়েছে। অথচ মহিলা শিক্ষকসহ উপজেলার মহিলা কর্মকর্তাদের আবাসন সংকট এখানে চরমে।

মনোহরদী উপজেলা অডিটোরিয়াম সংলগ্ন স্থানে ২০০৬ সালে এ উপজেলায় কর্মরত মহিলা শিক্ষকদের একাকী বসবাসের উপযোগী করে প্রমোট নামের প্রকল্প থেকে এখানে একটি দ্বিতল ভবন নির্মিত হয়। উদ্বোধনের পর থেকে শিক্ষিকাসহ একাকী বাসকারী এ উপজেলায় কর্মরত সরকারী মহিলা কর্মকর্তাগণ নিরাপত্তার সঙ্গে এতে বসবাস করে আসছিলেন। এতে একটি সিটও তখন খালি পড়ে থাকেনি। পরিচয় প্রকাশে অনিচ্ছুক উপজেলার এক মহিলা কর্মকর্তা জানান,বছর কয়েক আগে এ উপজেলার কর্মস্থলে এসে এ মহিলা হোস্টেলে সিট পাননি তিনি। অথচ আজ সেটি সরকারি বইয়ের গুদামে পরিণত হয়ে আছে। সংস্কারের অভাব ও বই রাখার গুদাম হিসেবে ব্যবহৃত হতে শুরুর পর থেকেই পরিবেশ নষ্টের অভিযোগে একে একে এর বাসিন্দারা বিকল্প ব্যবস্থায় অন্যত্র সরে গেছেন। সর্বশেষ উপজেলা পর্যায়ের একজন মহিলা কর্মকর্তা এতে টিকে ছিলেন। সে সময় ছোটখাটো সংস্কারের অভাবসহ নানা কারণে তিনিও শেষ পর্যন্ত টিকতে পারেননি এখানে।

এদিকে তারও আগে থাকতেই মাধ্যমিক শিক্ষা অফিসকে ধীরে ধীরে সরকারি বইয়ের গুদামে পরিণত করতে শুরু করে বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ বাসিন্দা উচ্ছেদ হওয়ার পর থেকে ভবনটি সম্পূর্ণই শিক্ষা অফিসের গুদাম হিসবে ব্যবহৃত হচ্ছে। এতে ভবনটির কার্যকরীতা ও গুণগত মান যেমন নষ্ট হচ্ছে তেমনি এখানে থাকতে ইচ্ছুকরাও বিড়ম্বনায় পড়ে অন্যত্র থাকতে বাধ্য হচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাচিবিক দায়িত্বে ১২ সদস্যের একটি কমিটি এর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন।

এ ব্যাপারে মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান জানান, হোস্টেলটি ৫ বছরের একটি প্রকল্পের আওতায় ছিলো। সে প্রকল্প শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই এটি কমিটির কাছে হস্তান্তরিত হয়েছে। এর নীচতলায় এখন বই, উপরে ২টি রুম খালি বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম জানান, মহিলা শিক্ষক হোস্টেলটি পুনরায় যথাযথভাবে ব্যবহারের জন্য ইতোমধ্যেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। এ জন্য সংস্কারের প্রয়োজন হলে তারও ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.