এইমাত্র পাওয়া

‘স্বাধীনতার ৫০ বছর পরেও শিক্ষকদের অধিকারের কথা পুনর্ব্যক্ত করতে হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আওয়ামী লীগ সরকার শিক্ষাকে অবমূল্যায়ন করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, সরকার জানে তাদের অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতে হলে বাংলাদেশের মানুষকে মূর্খ করে রাখতে হবে। সেই কারণেই তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। ধ্বংসের হাত থেকে শিক্ষাকে বাঁচাতে আমাদের শিক্ষক সমাজকে সামনে এগিয়ে আসতে হবে। আমাদের অধিকার প্রতিষ্ঠাত করতে হবে।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনিস্টিউটশনে ‘শিক্ষক কর্মচারী সমাবেশে’ তিনি এসব কথা বলেন। শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে এ শিক্ষক কর্মচারী সমাবেশের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্য জোট।

বিশেষ অতিথির বক্তব্যে মঈন খান বলেন, আমাদের সংবিধানের যে পাঁচটি মৌলিক অধিকার দেয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা। পরিতাপের বিষয় স্বাধীনতার ৫০ বছর পরেও শিক্ষকদের অধিকারের কথা পুনর্ব্যক্ত করতে হচ্ছে। এটা শুধু সরকার নয় আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতা। কেন আমাদের সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। এ প্রশ্ন আজ করতে হবে। শিক্ষার অধিকার অর্জনের জন্য এবং সেই অধিকার আদায়ের জন্য যদি সংবিধান পরিবর্তন করা প্রয়োজন মনে করি, আমরা সেটা করব। এর মধ্যে কোন দ্বিমত থাকতে পারে না।

তিনি বলেন, জার্মানির সবচেয়ে সম্মানিত পেশা হলো শিক্ষকতা এবং শিক্ষকদের সকল দায়িত্ব সরকার নিজে গ্রহণ করেছেন। আজ জার্মানির এত উন্নয়নের পেছনে মূল কারণ হলো শিক্ষা। যুদ্ধাস্ত্র দিয়ে বিশ্বের কোন দেশ শক্তিশালী হয় না। শিক্ষা দিয়ে শক্তিশালী হয়। আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ ও শক্তিশালী হওয়ার পেছনে রয়েছে শিক্ষা। বিশ্বের সেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯০০টি বিশ্ববিদ্যালয় আমেরিকার।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক সেলিম ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুগিস উদ্দিন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.