এইমাত্র পাওয়া

ঘুসের জন্য কৃষককে ব্যাংকে আটকে মারধর, ৩ কর্মকর্তা বরখাস্ত

গোপালগঞ্জঃ ঘুসের অভিযোগ করায় জেলার কাশিয়ানীর রামদিয়া কৃষি ব্যাংকে এক কৃষক ও তার স্বজনদের আটকে রেখে মারধরের ঘটনায় তিন ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওই কর্মকর্তারা হলেন— গোপালগঞ্জ কৃষি ব্যাংকের আঞ্চলিক শাখা ব্যবস্থাপক মো. আব্দুল আজিজ, কাশিয়ানী উপজেলার কৃষি ব্যাংক রামদিয়া শাখা ব্যবস্থাপক মো. ইলিয়াস হোসেন ও ইনভেস্টিগেশন অফিসার (আইও) রাফিজুল ইসলাম।

বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জ কৃষি ব্যাংকের সাময়িক বরখাস্ত হওয়া আঞ্চলিক শাখা ব্যবস্থাপক মো. আব্দুল আজিজ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামদিয়া কৃষি ব্যাংকে এ মারধরের ঘটনা ঘটে।

এদিকে মারধরের শিকার কৃষক দেনায়ের সরদার (৬০) বাদী হয়ে গোপালগঞ্জ আদালতে কৃষি ব্যাংকের তিন কর্মকর্তাসহ ১১ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

মারধরের শিকার কৃষক দেনায়েত সরদার বলেন, এক মাস আগে গরু মোটাতাজাকরণ প্রকল্পের জন্য তিন লাখ টাকা ঋণ নিতে আমি রামদিয়া কৃষি ব্যাংকে যাই। ঋণ পেতে আবেদন করি। গত ২০ আগস্ট ব্যাংকের আইও রাফিজুল ইসলাম আমার বাড়িতে তদন্তে যান। পরে ঘুস দাবি করেন। আমি তাকে ঘুস দিইনি। এতে ক্ষিপ্ত হয়ে ওই কর্মকর্তা ‘আমি ঋণগ্রস্ত’ এমন কারণ দেখিয়ে আমার ঋণের আবেদন বাতিল করেন।

এ ব্যাপারে আমি গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের অভিযোগ সেলে একটি লিখিত অভিযোগ করি। গত ১৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ আঞ্চলিক শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজ ও তার সহযোগী অভিযোগের বিষয়টি তদন্তের জন্য রামদিয়া কৃষি ব্যাংকে আসেন। তদন্ত চলাকালে তদন্ত দলের সঙ্গে আমার জামাতা মোকাব্বির মুন্সীর বাকবিতণ্ডা হয়।

স্থানীয় লোকজন অতর্কিতভাবে ব্যাংকের মধ্যে প্রবেশ করেন। তারা আমাদের সঙ্গে ঝগড়া শুরু করেন। এ সময় পরিকল্পিতভাবে ব্যাংকের সব গেট ও সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়। তদন্ত কর্মকর্তার সামনেই বহিরাগতরা আমাদের কিলঘুসি, লাথি ও ফ্লোরে ফেলে পা দিয়ে পিষতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে ব্যাংক কর্তৃপক্ষ রামদিয়া পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেয়। পুলিশ আমাদের উদ্ধার করে। পরে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে সাদা কাগজে জোর করে স্বাক্ষর রেখে আমাদের ছেড়ে দেয়।

গোপালগঞ্জ কৃষি ব্যাংকের সাময়িক বরখাস্ত হওয়া আঞ্চলিক শাখা ব্যবস্থাপক মো. আব্দুল আজিজ বলেন, এ ঘটনায় আমিসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৯/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.