রাঙামাটিঃ ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া জেলার চার উপজেলায় ২১টি বিদ্যালয় পানিতে ডুবে যাওয়ায় পাঠদান বন্ধ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে কাপ্তাই হ্রদ এলাকার চার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল ও লংগদু উপজেলার নিম্নাঞ্চলে বসবাসরত প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাঙামাটি পৌর এলাকায় জালিয়াপাড়া, পুরানবস্তি, রিজার্ভ বাজারের চেঙ্গীমুখ ও ত্রিপুরাপল্লি, শান্তিনগর, ব্রাহ্মণ টিলা, রাঙাপানির নুও আদাম, লুম্বিনী, আলুটিলা, পাবলিক হেলথ এলাকা, তবলছড়ি, আসমাবস্তি, পর্যটন এলাকা, হাসপাতাল এলাকা, গর্জনতলী এলাকায় নিম্নাঞ্চলে বসবাস করা লোকজনের ঘরবাড়ি পানিতে ডুবেছে।
জেলার চারটি উপজেলায় ১৯টি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাধ্যমিক বিদ্যালয় পানিতে ডুবে গেছে। বর্তমানে এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। জেলার ৩ হাজার ১২ হেক্টর ফসলি জমি ও প্রায় ২০ কিলোমিটার রাস্তা পানিতে তলিয়ে গেছে।
বুধবারের রুলকার্ভ হিসাব অনুযায়ী হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৫৮ ফুট (সি লেবেল)। এ মৌসুমে ১০১ ফুট এমএসএল পানির উচ্চতা থাকার কথা; যা ৬ ফুট বেশি রয়েছে। বর্তমানে কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পাঁচটি ইউনিট থেকে ২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ঝুঁকি এড়াতে বাঁধের ১৬টি স্পিলওয়েলে পানি ছেড়ে দেওয়া হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, হ্রদের পানি বৃদ্ধিতে জেলার ১৮টি প্রাথমিক বিদ্যালয় পানিতে ডুবেছে। আপাতত এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, মানবিক সহায়তা হিসেবে ১০ টন ও নগদ দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ক্ষতিগ্রস্তের তালিকা তৈরি ও দুর্গতদের ত্রাণ কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
