এইমাত্র পাওয়া

উচ্চশিক্ষা শেষে মেধাবীদের দেশে ফেরার আহ্বান

ঢাকাঃ উচ্চশিক্ষা অর্জনের জন্য যারা বিদেশে গমন করেন তাদের দেশে ফিরে অর্জিত জ্ঞান মানবকল্যাণে নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন ইমেরিটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল মিলনায়তনে সুহৃদ বাংলাদেশের ঢাকা বিভাগীয় সম্মেলন ও উচ্চতর শিক্ষার্থে সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক প্রণীতা দত্তের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিদেশে উচ্চতর শিক্ষা অর্জন গৌরবের বিষয়। বিভিন্ন জাতির সংস্পর্শে এসে অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ তৈরি হয়। বিদেশে লেখাপড়া শেষ করে মেধাবীরা দেশে ফিরে কাজ করলে আমরা আরও এগিয়ে যাব।

সুহৃদ বাংলাদেশ বিষয়ে অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, সংগঠনটি নীরবে কাজ করে যাচ্ছে। সত্যি আনন্দের বিষয়। আহ্বান করব, সংগঠনের কার্যক্রম যাতে সারা দেশে ছড়িয়ে পড়ে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রশীদ। তিনি বলেন, একজন ব্যক্তিই একটি সমাজ ব্যবস্থার পরিবর্তন করে ফেলতে পারে। আমাদের কাজের গতি যাতে বাড়ে সেদিকে গুরুত্ব আরোপ করেন। একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও বুয়েটের সিনেট সদস্য অজয় দাসগুপ্ত প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, প্রত্যেককে নিজেকেই নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে, অন্যকে নয়। নিজের বর্তমান অবস্থান থেকে সব সময় উন্নয়নের চেষ্টা করতে হবে।

সংগঠনের ঢাকা বিভাগের সভাপতি অধ্যক্ষ কার্তিক চন্দ্ৰ বিশ্বাসের সভাপতিত্বে এবং ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক ড. শোভন কুমার কুন্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুহৃদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল মৃধা, সাধারণ সম্পাদক ড. হিমাদ্রী শেখর রায়, সাবেক এডিশনাল আইজিপি বিনয় কৃষ্ণ বালা, সোনালী ব্যাংকের সাবেক এমডি প্রদীপ দত্ত, সাবেক অতিরিক্ত সচিব কে আর বর্মণ, হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুনির্মল রায়, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিরাজ সরকার প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানটির উদ্বোধন করেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.