এইমাত্র পাওয়া

‘জুতার দোকান এসিতে আর লাইব্রেরি ফুটপাতে’

ফরিদপুরঃ ‘জুতার দোকানগুলো সব এসি মার্কেটে আর লাইব্রেরিগুলো বঙ্গবাজার, নীলক্ষেত আর ফুটপাতের উপরে।’ এমন মন্তব্য প্রকাশ করে আক্ষেপ জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। ফরিদপুরে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে জেলা প্রশাসক এসব মন্তব্য করেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর শহরের শেখ জামাল স্টেডিয়ামে ব্যতিক্রমভাবে জিপিএ-৫ প্রাপ্ত এক ১ হাজার ২৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদানের আয়োজন করেন জেলা প্রশাসন। এ সময় তাদের হাতে দুই রিম কাগজ ও এক ডজন কলম তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও নির্দেশনামূলক বক্তব্য রাখেন আলোচিত তরুণ উদ্যোক্তা আয়মান সাদিক।

অনুষ্ঠানে বক্তব্যকালে জেলা প্রশাসক বলেন, ‘বাংলাদেশের জুতার দোকানগুলো সব এসি মার্কেটে আর লাইব্রেরিগুলো বঙ্গবাজার, নীলক্ষেত আর ফুটপাতের উপরে। আমরা শিক্ষিত হবো কীভাবে? আমরা শিক্ষাকে কত কদর করি কিন্তু সেই শিক্ষার লাইব্রেরিকে কখনও এসি মার্কেটে নিতে পারিনি। ফুটপাতে ফেলে রেখে সেই শিক্ষা গ্রহণ করার সব সময় চেষ্টা করি। এভাবে শিক্ষা গ্রহণ করা যাবে না।’

তিনি বলেন, ‘আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত না করতে পারলেও আমরা রাজনীতিকে শিক্ষামুক্ত করেছি। রাজনীতির সঙ্গে যারা জড়িত তারা ধীরে ধীরে লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে। এটা আমাদের জন্য অসনিসংকেত। যার কারণে এখন টিকটকাররা রাজনীতিতে আসার সাহস পায়।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, তোমরা যারা মেধাবী তারাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমরাই এদেশটাকে গড়ে তুলবে। এই ফরিদপুরকে তোমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো শেখাবে। তোমাদের সবাইকে দেশপ্রেমের মহানব্রতে উজ্জ্বীবিত হওয়ার জন্য অনুরোধ জানাই। আমরা সার্বক্ষণিক তোমাদের সঙ্গে আছি। তোমরা যেন ঝরে না যাও। এই ১ হাজার ২৬ জনকে নিয়ে আমরা আলোকিত ফরিদপুর গড়ে তুলবো।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ বিন কালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা প্রমুখ।

অনুষ্ঠানে জেলার ৯ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা কিশোর দাস ও সেরাকণ্ঠ তারকা আছিয়া আক্তার দোলা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.