এইমাত্র পাওয়া

দুই কর্মচারী দিয়ে চলছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস

লক্ষ্মীপুরঃ দুই কর্মচারী দিয়ে চলছে জেলার কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম। শূন্য রয়েছে হিসাবরক্ষক ও অফিস সহকারীর পদ। এক বছরেরও বেশি সময় অফিসটি কর্মকর্তা শূন্য থাকায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষকসহ সংশ্লিষ্টদের। উপজেলায় দুটি কলেজ, তিনটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ১৫টি মাধ্যমিক বিদ্যালয়,একটি নিুমাধ্যমিক বিদ্যালয় ও ১৮টি মাদ্রাসা রয়েছে। এ প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরীর একটি করে পদ রয়েছে। এর মধ্যে এখানে কর্মরত রয়েছেন মাত্র দু’জন কর্মচারী। এ অবস্থায় কার্যক্রম চালাতে হিমশিম অবস্থা তাদের।

অফিস সহকারী আলমগীর হোসেন বলেন, দুই কর্মকর্তাসহ হিসাবরক্ষক না থাকায় আমাকে একাই সব কাজ করতে হচ্ছে। একা সব কাজকর্ম চালিয়ে নিতে সমস্যা হচ্ছে। জানা যায়, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম গত বছরের ২৫ এপ্রিল বদলি হয়ে চলে যান। একই বছরের ২৭ জুলাই বদলি হন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন। তখন থেকেই অফিসটি কর্মকর্তা শূন্য। জেলা শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসাবে এ উপজেলায় দায়িত্ব পালন করছেন। হিসাবরক্ষক ইকবাল হোসেন ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজে ডেপুটেশনে রয়েছেন। অফিস সহায়ক কামাল হোসেন গত ২৩ ফেব্রুয়ারি বদলি হন রায়পুর উপজেলায়। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আলমগীর হোসেন ও নিরাপত্তা প্রহরী মো. নাসির কোনো রকমে জোড়াতালি দিয়ে চালিয়ে নিচ্ছেন অফিসের কার্যক্রম। এছাড়া কর্মকর্তা কর্মচারী সবার কাজই করতে হচ্ছে এ দু’জনকে।

উপজেলা প্রধান শিক্ষক পরিষদের সভাপতি মিজানুর রহমান মানিক জানান, গুরুত্বপূর্ণ দুটি পদ এক বছরেরও বেশি সময় ধরে শূন্য রয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মানসম্মত শিক্ষা বাস্তবায়নে দ্রুত এ সমস্যা সমাধান হওয়া দরকার।

জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দেবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.