পাবনাঃ জেলার সাঁথিয়ায় আসাদুল নামের এক মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে জখমের ঘটনায় জড়িত দুই শিক্ষককে আসামি করে গত সোমবার রাতে থানায় মামলা করেছেন নির্যাতিত শিক্ষার্থীর পিতা। নির্যাতনে সহযোগিতা করায় বাইতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক শাহাদৎ হোসেন (১৯) কে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার পূর্বধারাবর্ষা গ্রামের শুকুর আলীর ছেলে। মূল নির্যাতনকারী শিক্ষক ইকবাল হোসেন (২২) পলাতক রয়েছেন।
থানায় মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের হাড়িয়াকাহন বাইতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন শিবরামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হেফজ বিভাগের শিক্ষার্থী আসাদুল (১০) অসুস্থতার কারণে মাদ্রাসায় অনুপস্থিত থাকায় বাড়িতে অবস্থান করে। গত ৩রা সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ওই মাদ্রাসার দুই শিক্ষার্থী সজীব (১৩) ও সিয়াম (১০) কে সঙ্গে করে শিক্ষক ইকবাল হোসেন আসাদুলকে বাড়ি থেকে মাদ্রাসায় ডেকে আনেন। অনুপস্থিত থাকার অপরাধে আসাদুলকে গ্রেপ্তারকৃত শিক্ষক শাহাদৎ হোসেনের সহযোগিতায় রশি দিয়ে হাত-পা বেঁধে, মাথা টেবিলের নিচে দিয়ে কোমড়ের নিচে বেত এবং স্টিলের স্কেল দিয়ে বেধড়ক মারপিট করে জখম করে। একপর্যায়ে আসাদুল অচেতন হয়ে যায়। এ সময় তাকে কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়। আসাদুলের মা শোভা খাতুন খবর পেয়ে মাদ্রাসায় ছুটে যান।
গিয়ে ছেলেকে খোঁজাখুঁজির একপর্যায়ে দেখতে পান মাদ্রাসার কক্ষে হাত-পা বাঁধা অবস্থায় কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ সময় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ওইদিন রাত ১টার দিকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করেন তার পরিবার। নির্যাতিত শিক্ষার্থীর বাবা ভ্যানচালক আনোয়ার হোসেন জানান, আমার ছেলেকে অমানবিকভাবে মারধর করে জখম করার বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে তারা চিকিৎসার খরচ বাবত দুই হাজার টাকা দেন এবং ন্যায় বিচারের আশ্বাস দিয়ে মামলা করতে নিষেধ করেন। ন্যায় বিচার না পেয়ে টাকা ফেরত দিয়ে থানায় মামলা করা হয়েছে। বর্তমানে ছেলেকে বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষক শাহাদৎ হোসেনকে সোমবার রাতে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে গতকাল জেলহাজতে প্রেরণ করা হয় এবং অপর শিক্ষক ইকবাল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
