বগুড়াঃ জেলার শাজাহানপুরে কলেজ শিক্ষক ও আওয়ামী লীগ নেতা শাহজালাল তালুকদার পারভেজকে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
র্যাবে দাবি, গ্রেপ্তার দু’জন সরাসরি অংশ নিয়ে পারভেজকে নৃশংসভাবে হত্যা করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। সোমবার দিনব্যাপী অভিযানে বগুড়া ও রাজশাহী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলো, আল আমিন (২৬) ও তন্ময় ওরফে সাব্বির (২৮)। সাব্বিরকে রাজশাহীর সদর উপজেলা থেকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। তিনি এজাহারভুক্ত আসামি। আর তদন্তে পাওয়া তথ্য অনুসারে বগুড়া শহরের কালিতলা এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
২ সেপ্টেম্বর শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপড় এলাকায় পূর্বশত্রুতার জেরে পারভেজকে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন ওই ঘটনায় নিহতের স্ত্রী সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পারভেজ হত্যাকাণ্ডের পরপরই র্যাব ছায়াতদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে রাজশাহীর সদর উপজেলা এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। সাব্বির সেখানে তৌফিক ছদ্মনাম নিয়ে আত্মগোপনে ছিলেন।
এদিন সকালে বগুড়ার কালিতলা এলাকায় আল আমিনকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছে থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়। মামলা তদন্তে তার নাম উঠে এসেছে।
র্যাব কমান্ডার মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছেন। তারা উদ্ধার হওয়া অটোরিকশায় চড়ে হত্যাকাণ্ড ঘটায়। পরে ওই অটোরিকশাতে করে পালিয়ে যায়। তাদের শাজাহানপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
