এতিমখানায় ছাত্র না থাকলেও ভাতা তোলে কর্তৃপক্ষ

মাদারীপুরঃ জেলার ডাসারের পশ্চিম মাইজপাড়া আদর্শ এতিমখানায় ছাত্র না থাকার পরও বছরের পর বছর সমাজসেবা কার্যালয় থেকে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চলতি বছরের অনুদানের অর্থ বন্ধ রেখেছে সমাজসেবা কার্যালয়।

আদর্শ এতিমখানার সভাপতি ও প্রতিষ্ঠাতা মাজেদ মিয়া বলেন, ‘আপনি জানতে চাইবেন কেন, আপনার প্রয়োজনটা কি’ বলে ফোনের লাইন কেটে দেন তিনি।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফেরদৌসী আক্তার বলেন, বিষয়টি নিয়ে আমরা সরেজমিন তদন্ত করেছি। পরিচালক বরাবর একটি প্রতিবেদনও আমরা পাঠিয়েছি। তাদের চলতি বছরের অনুদানের চেক দেওয়া হয়নি।

সরেজমিন ও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নে পশ্চিম মাইজপাড়া আদর্শ এতিমখানা নামে একটি প্রতিষ্ঠান ২০০৯ সনের ১১ আগস্ট প্রতিষ্ঠা করেন অ্যাড. মাজেদ মিয়া। সরকারি নীতিমালায় দেখা যায় প্রতিষ্ঠানে সর্বনিম্ন ১০ জন এতিম ছাত্র থাকলে সরকারি অনুদানপ্রাপ্ত/অর্থ গ্রহণ করা যায়। প্রতিজনকে মাসে ২ হাজার টাকা করে দেওয়া হয়। বছরে দুবার সমাজসেবা কার্যালয় থেকে চেক হস্তান্তর করা হয়।

তিন মাসে তিনবার সরেজমিনে দেখা যায়, আব্দুল্লাহ বেপারী, সোহান বেপারী, আল আমিন, সাব্বির মোল্লা ও রোহান নামে ৫ ছাত্র উপস্থিত এবং তাদের মধ্যে আল আমিন ও সাব্বির মোল্লা নামে ২ ছাত্র এতিম। বাকি তিনজনের বাবা-মা আছে।

হাজিরা রেজিস্ট্রারে চলতি মাসের ৬ তারিখেও কোনো ছাত্রের তালিকা তৈরি করা হয়নি।

দায়িত্বে থাকা শিক্ষক হাফেজ আব্দুল আজিজ এ বিষয়ে বলেন, ‘আমরা দুজন শিক্ষক এখানে দায়িত্বে আছি। আমাদের মোট ছাত্র ১৩ জন। আজ (বুধবার) সবাই নেই। তারা বাড়িতে গেছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.