সংসদ অধিবেশনকে কেন্দ্র করে পুলিশের বিশেষ নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক।।

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হবে রোববার (৩ সেপ্টেম্বর )। সংসদ অধিবেশন নির্বিঘ্ন করতে সংসদ এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২ সেপ্টেম্বর ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে জানানো হয়েছে, সংসদ অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় শান্তি- শৃঙ্খলা রক্ষায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। এ এলাকায় কোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ করা যাবে না।

যেসব এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে, সেগুলো হলো—ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত। বাংলামোটর রিং রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত। পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত। মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ (পুরনো ২৭) সড়কের সংযোগস্থল থেকে রোকেয়া সরণি সংযোগস্থল হয়ে পুরনো নবম পদাতিক ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত। ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত। জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই এলাকার সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.