জন্মদিনে বাসায় এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ, পাশে চিরকুট

চট্টগ্রামঃ ‘শুভ জন্মদিন রিমঝিম। সুন্দর হোক আগামীর পথচলা। আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন।’ গত শনিবার বিকেল ৬টা ২৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এভাবেই একমাত্র মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানান চট্টগ্রামের ব্যবসায়ী রাজিব দাশগুপ্ত।

রবিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তার মেয়ে রিমঝিম দাশগুপ্তের, কিন্তু দুই দিন আগে কলেজ থেকে প্রবেশপত্র নিয়ে ফেরার পথে রিকশা থেকে পড়ে যান তিনি, সে সময় অসাবধানতাবশত হারিয়ে যায় প্রবেশপত্র। মা-বাবার ভয়ে বিষয়টি শুরুতে গোপন রাখেন রিমঝিম।

এর মধ্যেই পরীক্ষা শুরুর আগে শনিবার গভীর রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে এ কলেজছাত্রীর।

সদরঘাট থানার ওসি গোলাম রাব্বানি বিষয়টি নিশ্চিত করেন।

নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষার্থী ছিল রিমঝিম। মা, বাবা, ভাই ও দাদির সঙ্গে সদরঘাট এলাকায় থাকত সে।

রিমঝিমের প্রতিবেশীরা জানান, সাধারণত বাসায় দাদির সঙ্গে ঘুমান রিমঝিম। ওই দিন খাওয়া-দাওয়ার পর পরীক্ষার প্রস্তুতি হিসেবে পড়াশোনার কথা জানিয়ে দাদিকে ঘুমিয়ে যেতে বলে সে। রাত তিনটার দিকে ঘুম ভেঙে রিমঝিমকে না পেয়ে তার বাবাকে জানান দাদি।

ওই সময় বাসার ডাইনিং রুমের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ।

ডাইনিং টেবিলে পাওয়া যায় রিমঝিমের হাতে লেখা একটি চিরকুট। এতে রিমঝিম লিখেন, ‘মা ও বাবা, তোমরা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছো, কিন্তু আমি তোমাদের সম্মান রাখতে পারিনি। আমাকে তোমরা ক্ষমা করে দিও।’

চিরকুটে প্রবেশপত্র হারানোর কারণে যে তার এ সিদ্ধান্ত, তা স্পষ্ট করে লিখেন তিনি।

রিমিঝিমের বাবা রাজিব দাশগুপ্ত রাজু বলেন, ‘বৃহস্পতিবার প্রবেশপত্র হারিয়েছে বুঝতে পারিনি। কী থেকে কী হয়েছে, সেটাও বুঝতে পারছি না। আমার মাথায় কাজ করছে না, আমি কিছুই বলতে পারি না।’

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

প্রবেশপত্র হারিয়ে গেলেই পরীক্ষা দিতে পারবে না, এমন ধারণা সঠিক নয় বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ।

তিনি বলেন, ‘প্রবেশপত্র হারিয়ে যাওয়াটা খুব বড় কোনো সমস্যা না। এ রকম প্রবেশপত্র হারিয়ে গেলে সাথে সাথে কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে। এক মিনিটের মধ্যেই কলেজ কর্তৃপক্ষ নতুন প্রবেশপ্রত্র প্রিন্ট করে দিতে পারবে। ওয়েব লিংক থেকে তারা যতবার ইচ্ছে নিতে পারে।’

সদরঘাট থানার ওসি গোলাম রাব্বানি বলেন, ‘আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.