চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগে এক প্রার্থীর জালিয়াতি তুলে ধরা শিক্ষকের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি বাতিল চেয়েছে শিক্ষক সমিতি। এ কমিটি গঠনকে হয়রানিমূলক বলে মনে করছেন শিক্ষক নেতারা।
১৩ আগস্ট সমিতির কার্যনির্বাহী পরিষদের বৈঠকের আলোকে গত রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারকে চিঠি দেয় শিক্ষক সমিতি। গত বছর ২৫ জানুয়ারি ও ২৪ আগস্ট পালি বিভাগের প্রভাষক পদে আলাদা দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুটিতেই বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরূপ বড়ুয়ার স্ত্রী অভি বড়ুয়া আবেদন করেন। তবে তিনি স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম না হয়েও আবেদনপত্রে প্রথম উল্লেখ করেন। এ ছাড়া বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের শতকরা হিসাব উল্লেখ করার কথা থাকলেও তিনি তা করেননি। আবেদনপত্রে এমন ভুল তথ্য দেওয়াকে জালিয়াতি হিসেবে চিহ্নিত করে আবেদনপত্র যাচাই-বাছাই কমিটি।
বিষয়টি নিয়ে গত ১ আগস্ট শিক্ষক নিয়োগের নির্বাচনী বোর্ডে অসৌজন্যমূলক আচরণ এবং গণমাধ্যমে গোপনীয় নথি প্রকাশের অভিযোগে পালি বিভাগের সভাপতি শাসনানন্দ বড়ুয়ার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছিল কর্তৃপক্ষ। পালি বিভাগের প্রভাষক পদে জালিয়াতির পরও এক সহকারী প্রক্টরের স্ত্রীকে নিয়োগের চেষ্টার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন শাসনানন্দ বড়ুয়া। চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল হক স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, আপত্তি থাকার পরও সেই প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। উপাচার্য সংশ্লিষ্ট ওই প্রার্থীকে নিয়োগ দিতে ব্যর্থ হওয়ায় প্রতিহিংসাপরায়ণ হয়ে শাসনানন্দের বিরুদ্ধে এ তদন্ত কমিটি করেছে বলে শিক্ষক সমিতি মনে করে। তাই তদন্ত কমিটি বাতিল চায় শিক্ষক সমিতি।
চবির উপাচার্য শিরীণ আখতার বলেন, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছিল সিন্ডিকেট। তার কোনো প্রতিহিংসা নেই। তিনি সিন্ডিকেটকে একজন শিক্ষক যেন অপমানিত না হয় এমন করে ব্যবস্থা নিতে বলেছিলেন। এর পর সিন্ডিকেট তদন্ত কমিটি গঠন করেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
