চট্টগ্রামঃ নগরের একটি বিদ্যালয়ে ১০৭ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তারা নগরের বাগমনিরাম ওয়ার্ডের দামপাড়া এলাকার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের (বাওয়া) শিক্ষার্থী। বিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা ডেঙ্গুতে আক্রান্ত হয়। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অভিভাবকদের ধারণা, শিক্ষার্থীরা বিদ্যালয়ে মশার কামড় খেয়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

বিদ্যালয়টিতে দুই শিফটে প্রায় সাড়ে সাত হাজার শিক্ষার্থী রয়েছে। শিক্ষক আছেন ১৪২ জন। ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীরা বিদ্যালয়টির প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণির। এর মধ্যে মর্নিং শিফটের শিক্ষার্থী রয়েছে ৬৮ জন ও ডে শিফটের শিক্ষার্থী ৩৯ জন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৪ শিক্ষার্থী নবম শ্রেণির মর্নিং শিফটের।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ উল হাছান চৌধুরী বলেন, মর্নিং শিফটের ৬৮ শিক্ষার্থীর মধ্যে ২০ জন এরই মধ্যে সুস্থ হয়েছে। বাকিরা চিকিৎসাধীন। পাশাপাশি ছয় শিক্ষক ও এক আয়াও ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। শিক্ষকদের মধ্যে চারজন সুস্থ হয়েছেন। দু’জন চিকিৎসাধীন। এক মাসের মধ্যে তারা সবাই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক খাদিজা বেগম বলেন, ডে শিফটের ৩৯ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত। তারা চিকিৎসা নিচ্ছে। তাই বিদ্যালয়ে আসছে না।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের বিভিন্ন স্থানে পানি জমে আছে। পাশ দিয়ে গেছে নালা। সেটিও আবর্জনায় ভর্তি। বিদ্যালয়ের শৌচাগার অপরিচ্ছন্ন। বিভিন্ন স্থানে ময়লা জমে আছে। তাদের দাবি, দিনের একাংশ সন্তানরা বিদ্যালয়ে কাটায়। এখানে তাদের মশা কামড়াতে পারে।
তবে প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন জানান, মশার ওষুধ ছিটানো হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, এক বিদ্যালয়ের এত শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি উদ্বেগজনক। বিদ্যালয়টিতে পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি মশার ওষুধ ছিটানো জরুরি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
