এইমাত্র পাওয়া

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ জানাল পিএসসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৯৮৪১ পরীক্ষার্থী। গতকাল রবিবার (২০ আগস্ট) সরকারি কর্ম কমিশন তাদের ওয়েবসাইটে ফল প্রকাশ করে।

ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় জানিয়েছে পিএসসি। তারা বলছে, আগামী সেপ্টেম্বরের শুরুর দিকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হবে। উত্তীর্ণ প্রার্থীদের এখন অপেক্ষা মৌখিক পরীক্ষার।

পিএসসি সূত্র জানিয়েছে, ১ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শুরু হতো। কিন্তু ১ ও ২ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি হওয়ায় ৩ সেপ্টেম্বর রোববার মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই দৈনিক পত্রিকা, পিএসসির ওয়েবসাইট ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জানা যায়,বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণে ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ৯৮৪১ জন উত্তীর্ণ হয়েছেন।

গত বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.