শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি না মেলায় সেই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীদের পরীক্ষা আয়োজন করা হবে। এজন্য অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো চিঠির জবাব দেয়নি মন্ত্রণালয়।
ওই সূত্র আরো জানায়, অর্থ মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর পরীক্ষা আয়োজনের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করতে হবে। এই প্রক্রিয়া শেষ করতে সময় প্রয়োজন হবে। কাজেই সেপ্টেম্বরের শেষ দিকে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা আয়োজন করা কঠিন হয়ে যাবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেতে প্রাথমিকের সচিব ফরিদ আহাম্মদ অর্থ সচিবের সাথে দেখা করার চেষ্টা করছেন। অর্থ সচিবের সাথে বৈঠক শেষে নিয়োগ পরীক্ষার অনুমতি পাওয়া যেতে পারে।
ওই সূত্র আরো জানায়, অর্থ সচিবের সাথে বৈঠক শেষে ইতিবাচক সাড়া পাওয়া গেলে বুয়েটের সাথে চুক্তি করা হবে। বুয়েটের সাথে চুক্তি সম্পন্ন করতে এক সপ্তাহ সময় প্রয়োজন হবে। এরপর বুয়েট আসনবিন্যাস তৈরি করবে। এই কাজ শেষে পরীক্ষার তারিখ ঘোষণা করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, অর্থ মন্ত্রণালয় আমাদের নিজেদেরই পরীক্ষা নিতে বলেছিলো। তবে আমরা জানিয়েছি বুয়েট কারিগরি দিকটা দেখবে। আমরা বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের কাছে আবার পুনর্বিবেচনার জন্য পাঠিয়েছি। অর্থ মন্ত্রণালয় সম্মতি দিলে আমরা সেপ্টেম্বরের মধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষা আয়োজন করবো।
প্রাথমিক অধিদফতর সূত্রে জানা গেছে, সর্বশেষ সংগৃহীত তথ্যানুযায়ী সারাদেশে ৬৫ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের আট হাজার ৬৮টি পদ শূন্য রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
