চট্টগ্রামঃ জেলার রাউজানে রয়েছে ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৎমধ্যে ১৩৬টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এসব বিদ্যালয়।
জানা গেছে, ১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে কারো মৃত্যু ও অনেকেই অবসরে চলে যাওয়ায় এ পদগুলো শূন্য দীর্ঘদিন ধরে। প্রধান শিক্ষকের এসব শূন্য পদ আর পূরণ করা হয়নি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকারা। নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সৌমেন দাশের বাবা কৈবল্য দাশ জানান, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। পাশাপশি বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা ঠিক থাকে না।
বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে দেখা যায়, রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২০১৪ সাল থেকে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষক শামিমা আকতার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত এই প্রধান শিক্ষক বলেন, নয় বছর ধরে তিনি দায়িত্ব পালন করছেন এ বিদ্যালয়ে। একজন শিক্ষক অন্য বিদ্যালয়ে ডেপুটেশনে রয়েছে। আমিসহ ৬ জন শিক্ষিকা স্কুলের ১৭৮ জন শিক্ষার্থীকে প্রতিদিন পাঠদান দিতে হিমসিম খাচ্ছেন।
এ ব্যাপারে রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস বলেন, রাউজানে ১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকারা। নতুনভাবে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হলে রাউজানের ১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
