নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ সারাদেশে প্রাথমিকে ময়মনসিংহ ও ঢাকা বিভাগে শিক্ষার মান সবচেয়ে ভাল হলেও সিলেট বিভাগ পিছিয়ে আছে বলে এক জরিপে উঠে এসেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এই জরিপের ফলাফল শনিবার প্রকাশ করা হয়েছে।
কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন-২০২২ এর জাতীয় প্রচার কৌশল’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এ ফলাফল তুলে ধরা হয়।
এ তথ্য প্রাথমিক শিক্ষার কৌশল গ্রহণে সহায়ক হবে মন্তব্য করে কর্মশালার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, “দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। প্রাথমিক বিদ্যালয়গুলোকে শিশুবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলার জায়গা রাখা হচ্ছে। ঝড়েপড়া রোধে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
সচিব বলেন, “আন্তর্জাতিক রীতি এবং নিয়ম মেনেই এই জরিপ পরিচালিত হয়। প্রতি দুই বছর পর পর এই জরিপ হওয়ার কথা থাকলেও ২০১৭ সালের পর ২০২২ সালে এই জরিপ করা হল। করোনাভাইরাস মহামারীর কারণে তা সম্ভব হয়নি। ফলে জরিপে যে ব্যবধান উপস্থাপন করা হয়েছে তা পাঁচ বছরের ব্যবধান। আগামী ২০২৪ সালে আবারও জরিপ হবে।
প্রাথমিক শিক্ষার্থী মূল্যায়ন: ময়মনসিংহ-ঢাকার মান ভাল, পিছিয়ে সিলেট
“এই জরিপ সাহিত্য (বাংলা) ও গণিত বিষয়কে নিয়ে করা। আন্তর্জাতিকভাবে এই দুটি বিষয়ের সঙ্গে বিজ্ঞান বিষয়েও যুক্ত করা হয়েছে। বাংলাদেশেও তা করার চেষ্টা চলছে।”
বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব এবং শিক্ষার ক্ষেত্রে ২০২১ মিশন সফল উল্লেখ করে সচিব ফরিদ আহাম্মদ বলেন, “এই জরিপের ফলাফল, মন্তব্য জাতীয় পর্যায়ে উপস্থাপন করে আগামীতে আরও টেকসই পরিকল্পনা গ্রহণ সম্ভব হবে। এটা নিয়েই আমরা পৌঁছে যেতে চাই ২০৪১ এর মিশন সফল করতে। স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনৈতিক ব্যবস্থার দিকে যেতে চাই।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান দীপা শংকর, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের শিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং ডেপুটি টিম লিডার মো. গোলাম কিবরিয়া।
কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলা শিক্ষা বিভাগের ৯০ কর্মকর্তা অংশ নেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
