ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হল ও আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন নির্মাণাধীন মসজিদের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়েছে।
শনিবার (১৯ আগস্ট) সকাল ৯ টার দিকে ঢালাইয়ের কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরই এ ঘটনা ঘটে বলে জানান নির্মাণ শ্রমিকরা।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও দুই হলের প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলীদের সঙ্গে আলোচনার পর সম্পূর্ণ ছাদের বিম খুলে আবার নতুন করে বিম স্থাপনের সিদ্ধান্ত হয় বলে জানান মসজিদটি নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ফরমিলা আক্তার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দাইয়ান বিন শাহজাহান।
তিনি বলেন, সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দুই হলের প্রাধ্যক্ষ এবং সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে আমাদের মিটিং হয়। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পুরো ছাদের বিম খুলে নতুন করে লাগাতে হবে এবং পরে কাজ শুরু করার কথা বলা হয়েছে।
ঢালাইয়ের শুরুতেই এভাবে ছাদ ধসে পড়ার কারণ জানতে চাইলে দাইয়ান বলেন, আমাদের পুরো কাজই শেষ ছিল, শুধু ঢালাইয়ের কাজ বাকি ছিল। কিন্তু বৃষ্টির জন্য আমরা ঢালাইয়ের কাজ শুরু করতে পারিনি। বৃষ্টি না থাকায় আজকে কাজ শুরু করেছিলাম, কিন্তু এই ঘটনা ঘটেছে। বৃষ্টির কারণে পানি জমে কাঠ ভেজা ছিল। আর পেরেকের সঙ্গে কাঠের জোড়া লাগানো অংশ ফাঁকা হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। এ কারণেই এই ধসে পড়ার ঘটনা ঘটেছে। তবে কাজের মধ্যে নির্মাণ শ্রমিকদের কোনরকম গাফিলতি ছিল না।
এ ব্যাপারে জানতে চাইলে আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ আ স ম ফিরোজ উল হাসান বলেন, উপাচার্য স্যারসহ আমরা কয়েকজন আজ সকালে নির্মাণকাজের স্থান পরিদর্শনে গিয়েছিলাম। এতদিনের টানা বৃষ্টির জন্য মূলত এই ঘটনা ঘটেছে। আমরা আবার নতুন করে কাজ শুরু করতে বলেছি। কাজ শুরু করতে কিছুদিন সময় লাগতে পারে।
সরেজমিনে দেখা যায়, ভাঙা ছাদের বিম খুলে আবার নতুন করে কাজ শুরু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী (সিভিল) আহসান হাবীবের কাছে বিষয়টি জানার জন্য মোবাইলে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে মসজিদের ইঞ্জিনিয়ার তপন কুমার বলেন, ১০ দিন টানা বৃষ্টি হওয়ার ফলে ওইখানের কাঠের তক্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। পরে আজকে যখন ঢালাই দেওয়া হলো তখন সেটা সরে পড়ে যায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
