এইমাত্র পাওয়া

নতুন আঙ্গিকে ১৫০ উপজেলায় চালু হচ্ছে স্কুল ফিডিং

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ নতুন আঙ্গিকে দেশের ১৫০টি উপজেলায় দ্রুততম সময়ের মধ্যে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।

শনিবার (১৯ আগস্ট) সকালে কক্সবাজারের একটি হোটেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত একটি ওয়ার্কশপে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কুল ফিডিং চালুর মাধ্যমে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হবে, যা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত রচনা করবে।

তিনি বলেন, এবারে শিশুদের পুষ্টি সমৃদ্ধ বিস্কুটের পাশাপাশি ভিন্ন রকমের খাবারও পরিবেশন করা হবে; যা হবে শিশুর কাছে আকর্ষণীয়। এসব খাবার শিশুর চাহিদাপূরণ ও শরীর গঠনে বিশেষ ভূমিকা রাখবে। স্কুল ফিডিং কর্মসূচি চালুর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় ঝড়ে পড়া রোধ হবে, স্কুলে এনরোলম্যান্ট বৃদ্ধি পাবে। যা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক, ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট, বৃটিশ হাইকমিশনের শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহীনুর শাহীন খান প্রমুখ।

প্রসঙ্গত, ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট প্রাথমিক শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের সামগ্রিক চিত্র উঠে আসে। শিক্ষার্থীদের শিখন দক্ষতা, ঘাটতি, দুর্বলতা, চাহিদা শিক্ষকদের যোগ্যতা, দক্ষতা, আন্তরিকতা, স্কুলে ভর্তি, ঝড়ে পড়া, অভিভাবকদের মানসিকতা প্রভৃতি প্রতিফলিত হয় এ অ্যাসেসমেন্টে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.