নিউজ ডেস্ক।।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে শোক প্রকাশ করে পোস্ট দেয়ায় ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের লোহাগাড়ায় ৯ ছাত্রলীগ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোকপ্রকাশ ও আক্ষেপ করে ফেসবুকে পোস্ট দেয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের বিভিন্ন শাখার ছয় নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। সংগঠনের আদর্শ পরিপন্থী হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের নেতারা।
গতকাল বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাময়িক বহিষ্কৃতরা হলেন আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাইজিদ খান, আশুগঞ্জের তালশহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ সোহান, আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুরকান আহম্মেদ, আখাউড়া পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি রবিন খান খাদেম, কসবার গোপীনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য নাজমুল সরকার এবং সরাইল উপজেলা ছাত্রলীগের কর্মী রিয়াজ উদ্দিন খান মাইনুর।
বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যুর পর অভিযুক্ত নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে আক্ষেপ করেছেন; যা বাংলাদেশ ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থী কাজ। তাই তাদের ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাদের স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশ করা হয়েছে।’
রবিউল হোসেন রুবেল আরো বলেন, ‘এ রকম আরো কয়েকজনের দেয়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট আমাদের কাছে এসেছে। যাচাই-বাছাই করে তাদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবো। প্রথমে আমরা তাদের সাময়িক বহিষ্কার করছি। পাশাপাশি চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ পাঠিয়েছি।’
চট্টগ্রামের লোহাগাড়ায় মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত তিন নেতা হলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ, সহসভাপতি মো: তাউসিফ ও উপ-দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম। জানা যায়, সাঈদীর মৃত্যুর দিন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ হোসেন এক ফেসবুক পোস্টে লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজনীতির বাইরে দলের বাইরে উনি আমার প্রিয় একজন ইসলামিক বক্তা। যার ওয়াজ শুনে বড় হয়েছি।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে অব্যাহতি দেয়া হয়েছে। এই সংগঠনে নীতি-আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারো স্থান নেই। পাশাপাশি তাদের স্থায়ী বহিষ্কারের জন্য দক্ষিণ জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
