অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণে প্রধান শিক্ষিকা, তদন্তে কমিটি গঠন

ঝালকাঠিঃ জেলার রাজাপুরে ৮নং দক্ষিণপূর্ব তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রাণীর বিরুদ্ধে বিভাগীয় উপ-পরিচালককের অনুমতি না নিয়ে ভারত ভ্রমণের অভিযোগ পাওয়া গেছে।

কাজল রাণী পারিবারিক কারণ দেখিয়ে ছুটি চেয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন করলে শিক্ষা অফিস ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত মোট ৭ দিনের ছুটি মঞ্জুর করেন। তিনি তার বিদ্যালয়ের অন্য শিক্ষকদের কাছেও কিছু না জানিয়ে পারিবারিক কারণ দেখিয়ে ছুটিতে আছে বলে ভারতে চলে যায়। বিদ্যালয়ের অন্য শিক্ষকরা জানেনা তাদের প্রধান শিক্ষক কোথায় আছে তাদের কাছে উপজেলা শিক্ষা অফিসের ৭ দিনের ছুটি মঞ্জুরের একটি কাগজ দিয়ে যায় কাজল রাণী।

এদিকে ৮নং দক্ষিণপূর্ব তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তপূর্বক দশ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এ.কে.এম নুরুল আলম মৃধার কাছে গত ৯ আগষ্ট একটি লিখিত আদেশ দিয়েছেন। গত ৮ আগষ্ট আল-মামুন নামের এক ব্যক্তি কর্তৃপক্ষের কোনরুপ অনুমতি ব্যতীত প্রধান শিক্ষকের বিদেশ ভ্রমনের বিষয়ে জেলা প্রাথমিক অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক কাজল রাণী জানান, তিনি সাতদিনের ছুটি নিয়ে ঢাকা গিয়েছিলেন। কাজ শেষে ৩দিন আগেই ঢাকা থেকে নিজ এলাকায় ফিরে এসে কর্মস্থলের মিটিংয়ে যোগদান করেন। প্রধান শিক্ষক কাজল রাণীর স্বামী শিক্ষক দুলাল হালদর সাংবাদিকদের গত এপ্রিল মাসের অনুমোদিত বিভাগীয় উপ-পরিচালক স্বাক্ষরিত ভারত ভ্রমনের জন্য ছুটি মঞ্জুরের একটি কাগজ দেখিয়ে বলেন, এটার মেয়াদ এখনো আছে, এই কাগজ দিয়ে ইচ্ছা করলে যখন খুশি তখন ভারত ভ্রমণ করা যাবে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এ.কে.এম নুরুল আলম মৃধা বলেন, তদন্তের জন্য লিখিত আদেশ পেয়েছি। ওই বিদ্যালয়ের ক্লাষ্টারের দায়ীত্বে থাকা এটিও সমীরেন্দু বিশ্বাসের কাছে ফোন দিয়ে ৮নং দক্ষিণপূর্ব তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রাণী বর্তমানে নিজ এলাকায় আছেন বলে নিশ্চিত হয়েছি। এখন তার পাসপোর্টটি চেক করা বাকি আছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, কাজল রাণীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.