৭ মাস অনুপস্থিত থেকেও শিক্ষক দম্পতির বেতনভাতা উত্তোলন

নাটোরঃ জেলার গুরুদাসপুর উপজেলার সোনাবাজু উচ্চবিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক গত সাত মাস ধরে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতনভাতা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষক দম্পতি গত সাত মাসে প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা বেতনভাতা তুলেছেন বলে জানা গেছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও প্রধান শিক্ষকের দেয়া তথ্যে জানা গেছে, সোনাবাজু উচ্চবিদ্যালয়ে ২০২৩ সালের জানুয়ারি মাসের ৩ তারিখে সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) অলিউল্লাহ ও সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) আফরোজা খাতুন ভারতে চিকিৎসা করাতে যাবেন বলে অল্প কিছুদিনের জন্য ছুটি চেয়েছিলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্বল্প সময়ের জন্য তাদের ছুটি দেয়া হয়েছিল। তবে সহকারী শিক্ষক অলিউল্লাহ তার পরিবর্তে এমএসসি পাস স্থানীয় এক যুবককে পাঠদানের দায়িত্বভার দিয়ে গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সহকারী শিক্ষক জানান, সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে অলিউল্লা ও আফরোজা খাতুন বিদ্যালয়ে অনুপস্থিত থেকে নিয়মিত বেতনভাতা উত্তোলন করছেন। এ কারণে শিক্ষার্থীদের পড়াশোনায়ও ক্ষতি হচ্ছে। গত সাত মাসে তাদের সাবজেক্টগুলোতে তেমন পাঠদান হয়নি। তা ছাড়া আগামী ডিসেম্বর পর্যন্ত তারা ভারতে অবস্থান করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে সহকারী শিক্ষক অলিউল্লাহ ও তার স্ত্রী সহকারী শিক্ষক আফরোজা খাতুন দেশের বাইরে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ জানান, বিদ্যালয়ে অনুপস্থিত দু’জন সহকারী শিক্ষক স্বামী-স্ত্রী। চিকিৎসাজনিত কারণে তারা ছুটির আবেদন করলে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মানবিক দিক বিবেচনা করে তাদের স্বল্প সময়ের জন্য ছুটি দেয়া হয়। দ্রুততম সময়ের মধ্যে বিদ্যালয়ে যোগদানের কথা বলা হলেও সাত মাস ধরে তারা দু’জনই অনুপস্থিত। তবে বেতনভাতা নিয়মিত উত্তোলন করছেন। অলিউল্লা তার পরিবর্তে একজন এবং আফরোজা তার সহকর্মী দুই নারী শিক্ষককে পাঠদানের দায়িত্ব দিয়ে গেছেন।

সোনাবাজু উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, মানবিক বিবেচনায় স্বল্প সময়ের জন্য তাদের ছুটি দেয়া হয়েছিল। এখন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার জানান, এমন ঘটনা জানা তার ছিল না। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.