এইমাত্র পাওয়া

মাধ্যমিকে শূন্যপদে শিক্ষক নিয়োগে মাউশির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট বাড়ছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ১,৮১৭টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) প্রস্তাব দেওয়া হয়েছে। নিয়োগ সম্পন্ন হলে কেটে যাবে শিক্ষক সংকট।

নোয়াখালী জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর হোসেন জানান, স্কুলে শিক্ষার্থী দেড় হাজার। স্কুলটির ৫৩টি শিক্ষক পদের নয়টিই খালি। এমন কি দুই শিফটেই সহকারী প্রধান শিক্ষক নেই। এতে করে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন মাহমুদ সালমী বলেন, একই অবস্থা দেশের ৩৫১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের। দুই হাজারের মতো শিক্ষকের পদ খালি। এ ছাড়া সহকারী প্রধান শিক্ষক পদে ৫৩৩ জন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ৭২টি পদ শূন্য। ফলে মাধ্যমিকে ব্যাপক শিক্ষক সংকট তৈরি হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে জানান, শিক্ষক সংকট কাটাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে ১ হাজার ৮১৭টি পদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রস্তাব পাবলিক সার্ভিস কমিশনে।

এদিকে ৩৭০টি মাধ্যমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট থাকলেও জাতীয়করণের কাজ শেষ না হওয়ায় নিয়োগ দেওয়া যাচ্ছে না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.