বৈরী আবহাওয়ায় চবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস-পরীক্ষা আগামী তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে এবং উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দেসহ বিভিন্ন পর্ষদের প্রতিনিধিবৃন্দের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নগরীর চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, শুলকবহর, বহদ্দারহাট, মুরাদপুর, মোহাম্মদপুর, বাকলিয়ার নিঁচু এলাকা, চান্দগাঁওয়ের শমসের পাড়া, ফরিদার পাড়া, পাঠাইন্যাগোদা, মুন্সীপুকুর পাড়, হালিশহর, হালিশহর আবাসিক কে ব্লক, আই ব্লক, আগ্রাবাদ সিডিএ, শান্তিবাগ আবাসিক এলাকা, ছোটপোল, ফিরিঙ্গিবাজার, রিয়াজ উদ্দিন বাজার, তিন পোলের মাথা, বিমানবন্দর সড়কের ড্রাইডকের সামনের রাস্তাসহ নগরীর অসংখ্য অলিগলি পানিতে তলিয়ে যায়। পাশাপাশি বিগত তিনদিনের ন্যায় এদিনও খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের পাইকারি বাজারের আড়তগুলোতে পানি ঢুকে পেড়ে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সোমবার বিকেল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.