এইমাত্র পাওয়া

রিয়াদকে নিয়ে সংশয়

নিউজ ডেস্ক।।

এশিয়া কাপের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, ৫-৬ আগস্ট ২০-২২ জনের প্রাথমিক দল দেবেন তারা। নির্ধারিত সময় পেরিয়ে গেছে। তবে আজ দল ঘোষণা করা হতে পারে। কেননা, আগামীকাল থেকে পুরোদমে অনুশীলন সেশন শুরু করবেন টাইগাররা। সবার কৌতূহল, মাহমুদউল্লাহ রিয়াদকে দলে রাখা হবে কিনা। ইংল্যান্ড সিরিজের পর থেকেই তিনি জাতীয় দলের বাইরে আছেন।

গত ৩১ জুলাই থেকে এশিয়া কাপ ও বিশ^কাপ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। ৩২ জনের সে দলে আছেন মাহমুদউল্লাহ। প্রাথমিক মেডিক্যাল চেকাপ করানোর পাশাপাশি ইয়ো ইয়ো টেস্ট দিয়েছেন তিনি। বেঞ্চমার্ক ১৮.৬ নির্ধারণ করা ছিল। রিয়াদ ১৭ পেয়েছেন। বয়স বিবেচনায় এই স্কোরকে খারাপ বলার সুযোগ নেই। সতীর্থদের সঙ্গে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফুটবল সেশনে অংশ নিয়েছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার। তবে বিশেষ সূত্রে জানা গেছে, ২০ জনের দলে থাকছেন না মাহমুদউল্লাহ! এশিয়া কাপের ভাবনাতে তিনি নেই। তবে এ বিষয়ে কিছু বলতে চাননি নির্বাচকরা। মাহমুদউল্লাহ যে ২০ জনের প্রাথমিক দলে থাকছেন না, এটা নিশ্চিত করেও বলা যাচ্ছে না। কারণ জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটার তিনি। তাকে ২০ জনের দলে না রাখলে সমালোচনা হতে পারে। শেষ পর্যন্ত বিতর্ক এড়াতে হয়তো মাহমুদউল্লাহকে দলে রাখা হতে পারে।

এ মাসেই এশিয়া কাপ। পাকিস্তান ও শ্রীলংকা এবারের আয়োজক দেশ। ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। ইতোমধ্যে এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। অধিনায়কত্বও ছেড়েছেন তিনি। লন্ডনে দুই দফায় ইনজেকশন নিয়ে দেশে ফেরার পর বর্তমানে বিশ্রামে আছেন দেশসেরা এই ব্যাটসম্যান। অধিনায়কত্ব ছাড়ার পর গতকাল বিসিবিতে এসেছিলেন তিনি। চোট নিয়ে বিসিবির মেডিক্যাল বিভাগের সঙ্গে আলোচনা করেছেন তামিম।

গতকাল সকাল থেকেই মিরপুরের আকাশ ছিল মেঘলা। বেলা ১১টার দিকে নেমেছিল ঝুম বৃষ্টি। তবে বৃষ্টির মধ্যে অনুশীলন সেশন চালিয়ে গেছেন ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রানিং সেশন করেছেন; নিজেদের মধ্যে দুদলে ভাগ হয়ে খেলেছেন ফুটবল। সে সেশনে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। তবে আজ দল ঘোষণা করলে স্কোয়াড ছোট হয়ে আসবে। দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে আগামীকাল থেকে পুরোপুরি অনুশীলন সেশন শুরু করবেন জাতীয় দলের কোচিং প্যানেল। মাহমুদউল্লাহ ২০ জনের দলে হয়তো থাকছেন না। তবে সৌম্য সরকার বেশ ভালোমতোই বিবেচনায় আছেন। ৭ নম্বর পজিশনে তাকে বিবেচনা করা হচ্ছে। অবশ্য এ পজিশনে ইয়াসির রাব্বী, আফিফ হোসেন, শেখ মাহেদী, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম পাটোয়ারীর মতো খেলোয়াড়কেও রাডারে রেখেছেন নির্বাচকরা। তবে প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহের পছন্দের তালিকায় শীর্ষে থাকায় এশিয়া কাপে সৌম্য সরকারের খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি!

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ। ৩১ আগস্ট শ্রীলংকায় নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবেন টাইগারার। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচটি আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানে, ৩ সেপ্টেম্বর। তামিম অধিনায়কত্ব ছাড়ায় নতুন অধিনায়কও বেছে নিতে হবে বিসিবিকে। সবকিছু ঠিকঠাক থাকলে সাকিবের নেতৃত্বেই এশিয়া কাপ খেলবে বাংলাদেশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.