এইমাত্র পাওয়া

বাল্যবিয়ে প্রতিরোধে সাইকেল শোভাযাত্রায় কিশোরীরা

নওগাঁঃ জেলার ধামইরহাট উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে সাইকেল শোভাযাত্রা করেছে কিশোরীরা। শনিবার দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়ন শিশু ও যুব ফোরামের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এপি’র সহযোগিতায় এ শোভাযাত্রা করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন ছাত্রী অংশগ্রহণ করে।

শনিবার দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর সানোয়ারের মোড় থেকে এ শোভাযাত্রা বের করা হয়। প্রায় দু’ঘন্টায় দৌল্লাপাড়া, খামারপাড়া, বাগমারী, ছোটকানতারা, বড় কানতারা ও মুকুন্দপুর প্রদক্ষিণ করে জাহানপুর ইউনিয়ন পরিষদের হলরুমে গিয়ে এটি শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জাহানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ধামইরহাট প্রোগ্রাম অফিসার মুকুল বৈরাগী, ইউপি সদস্য মো. মওদুদ আহমেদ, সংরক্ষিত ইউপি সদস্য ফেরিনা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কল্লোল হাসান শুভ, স্বেচ্ছাসেবক আতিমা সাখারুন, সোহানা, নিজের বাল্যবিয়ে প্রতিরোধ করা কিশোরী সুখী পাহান, কিশোরী বৃষ্টি রাণি ও জিন্নাত আকতারসহ শিশু ও যুব ফোরামের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর এলাকায় আদিবাসী বেশি। এলাকাটিতে বাল্যবিয়ের প্রবণতা রয়েছে। জাহানপুর ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ল্ড ভিশন যৌথ উদ্যোগে এলাকাটি বাল্যবিয়েমুক্ত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.