কৃষি গুচ্ছে বাকৃবিতে উপস্থিত ৮৮ শতাংশ

ময়মনসিংহঃ কৃষি বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় দেশের মোট আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উপস্থিত পরীক্ষার্থীর হার ছিল ৮৮ দশমিক ৩৪ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি কেন্দ্রের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবুল মনসুর।

তিনি আরো জানান, এবার ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২১টি অঞ্চলে ২৪৬টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১২ হাজার ৬২০জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ১৪৯জন। পরীক্ষার প্রশ্ন ফাঁস বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভর্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।

কক্ষ পরিদর্শন শেষে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি। আমি বিশ্বাস করি পরীক্ষার্থীরা এক ঘণ্টা সাবলীলভাবে পরীক্ষা দিতে পেরেছে। আমরা উত্তরপত্রসমূহ আজকেই সিকৃবি প্রতিনিধি দলের নিকট হস্তান্তর করব। আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী নবনীতা দাস বলেছেন, ‘অনেকটা আশা নিয়েই বগুড়া থেকে এতদূরে পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষাও মোটামুটি ভালোই দিয়েছি। তবে গণিত আর পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলো আশানুরূপ উত্তর করতে পারিনি। গাণিতিক সমস্যাগুলোর সমাধান অনেক বড় ছিল। সর্বোপরি পরীক্ষার পরিবেশ ভালো ছিল। শান্ত পরিবেশেই পরীক্ষা দিতে পেরেছি।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.