ঢাবির দুই ইউনিটে অপেক্ষমান প্রার্থীদের সাক্ষাৎকার আজ

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অনার্সে ফাঁকা আসনে ভর্তিতে অপেক্ষমান প্রার্থীদের সাক্ষাৎকার শনিবার অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মঈন ও কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অফিসে দুপুর ৩টায় ব্যবসায় শাখা থেকে বিষয় মনোনয়ন পাওয়া মেধাক্রম ৯৪৭ থেকে ৯৬৮ নম্বর পর্যন্ত প্রার্থীদের এবং বিজ্ঞান শাখা থেকে অংশ নিয়ে বিষয় মনোনয়ন পাওয়া মেধাক্রম ১৪১ থেকে ১৬৭ নম্বর পর্যন্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

অন্যদিকে একই দিনে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে তৃতীয় দফায় মনোনয়ন প্রাপ্তদের সাক্ষাৎকার কলা অনুষদে দুপুর ২টায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এতে বিষয় মনোনয়ন পাওয়া মানবিক বিভাগ থেকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৩৪ জন, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৮৪ জন ও ব্যবসা শাখা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৫ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

সাক্ষাৎকারে ভর্তিচ্ছু প্রার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট, ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করা ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম (শিক্ষার্থীর স্বাক্ষরসহ) এবং বিষয় পছন্দক্রম ফরমের (শিক্ষার্থীর স্বাক্ষরসহ) কপি সঙ্গে আনতে হবে। এরসঙ্গে আগাম ৫০০ টাকা পরিশোধের রশিদ (শিক্ষার্থীর স্বাক্ষরসহ) সঙ্গে আনতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল গ্রেডশিটগুলো জমা রাখা হবে। আগে বিজ্ঞান ইউনিট অফিসে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট (মুক্তিযোদ্ধা, উপজাতি, দলিত ও হরিজন, ওয়ার্ড, প্রতিবন্ধী) জমা দিয়ে থাকলে পুনরায় ইউনিট অফিসে সাক্ষাৎকারে আসার প্রয়োজন নেই। মূল গ্রেডশিটগুলো জমা দেওয়ার আগে প্রার্থীদের পরবর্তীতে ভর্তির জন্য প্রত্যেকটি গ্রেডশিটের অন্তত ১০টি করে ফটোকপি নিজের কাছে রাখতে হবে।

সাক্ষাৎকারে অনুপস্থিত থাকলে আসন খালি বলে গণ্য করা হবে এবং পরবর্তী অপেক্ষমান তালিকা হতে ওই আসন পূরণ করা হবে। এছাড়া নতুনভাবে অনলাইনে প্রদর্শিত সর্বশেষ বিষয় মনোনয়ন তালিকায় যারা কোনো বিষয় পায়নি তাদের উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) পাওয়া যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.