প্রাইভেট পড়ানো স্কুল শিক্ষকদের তালিকা করছে পশ্চিমবঙ্গ সরকার

ঢাকাঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের বিরুদ্ধে তদন্তে নামছে খোদ রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি তদন্তের মাঝেই এবার রাজ্য সরকারও তদন্ত শুরু করল কর্মরত শিক্ষকদের বিরুদ্ধে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন জেলায় কর্মরত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আইন অনুযায়ী কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন করা বন্ধ। কিন্তু তারপরেও একাধিক জেলায় কর্মরত শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করছেন। একটি নির্দিষ্ট সংস্থার তরফে অভিযোগ রাজ্য স্কুল শিক্ষা দফতরে আসার পরই প্রাথমিক ভাবে তদন্ত করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। আর সেক্ষেত্রেই একাধিক শিক্ষক- শিক্ষিকার নাম উঠে এসেছে যারা প্রাইভেট টিউশন করছেন।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে পদক্ষেপ নেওয়ার কথা বলার পর তদন্ত কমিটি গঠন করতে শুরু করা হয়েছে বলে সূত্রের খবর। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলাতেই একাধিক শিক্ষক-শিক্ষিকার নাম পাওয়া গিয়েছে যাদের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ সংশ্লিষ্ট জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শক দিয়েছেন। স্কুলের নাম ও শিক্ষক-শিক্ষিকার নাম উল্লেখ করে সংশ্লিষ্ট জেলার স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের তদন্ত করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকরা।

তদন্ত করে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই অনুযায়ী, প্রাইভেট টিউশন নিয়ে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকার নাম উঠে এসেছে তাদের তদন্তকারী সদস্যদের মুখোমুখি হতে হবে বলেই জানা গিয়েছে।

তারপরে সেই রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদকে পাঠাতে হবে। গোটা প্রক্রিয়াটি দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে বলেই সূত্রের খবর। এর আগে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের কোন কোন কর্মরত শিক্ষক প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরেও কোনও ইতিবাচক উত্তর না আসায় জুলাই মাসে শেষদিকে মধ্যশিক্ষা পর্ষদ করা চিঠি পাঠায় বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের বলেই জানা গিয়েছে। তার পরিপ্রেক্ষিতেই বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকরা স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের নিয়েই তদন্ত শুরু করলো। সূত্র: নিউজ এইটিন

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.