বিশ্বকাপ ট্রফি আসছে ৭ আগস্ট

শিক্ষাবার্তা স্পোর্টস ডেস্ক, ঢাকাঃ অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ট্রফি এখন আছে পাকিস্তানে। এরপর এটি যাবে শ্রীলঙ্কায়। আর আগামী ৭ আগস্ট এ ট্রপি আসবে বাংলাদেশ ভ্রমণে। আকর্ষণীয় এই ট্রফিটি তিনদিন থাকবে বাংলাদেশে।

প্রথম দিন বিশ্বকাপ ট্রফির ফটোসেশন হবে গর্বের পদ্মা সেতুতে। এছাড়া ক্রিকেটারদের ফটোসেশনের জন‌্য মিরপুর হোম অব ক্রিকেটে এবং সাধারণ দর্শকদের জন‌্য রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নেওয়া হবে বিশ্বকাপের ট্রফি।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, পদ্মা সেতুকে ব্যাকগ্রাউন্ড করে বিশ্বকাপ ট্রফির ফটোসেশনের পরিকল্পনা করছেন তাঁরা। গতবার যেটা হয়েছিল জাতীয় সংসদ ভবনে, ‘আইসিসি সাধারণত সব দেশের আইকোনিক লোকেশনে ট্রফি রেখে ফটোসেশন করে থাকে। সে হিসেবে আমাদের দেশে পদ্মা সেতু হতে পারে আইকোনিক স্পট। এটা যেহেতু আমাদের গর্বের বিষয়। সেতুর ওপরে নয়, সেতুকে ব্যাকগ্রাউন্ড করে একটা জায়গা থেকে ছবিটা তোলা হবে। সেই ছবি আইসিসি পরে ব্যবহার করবে।’

গত জুনে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর ট্রফি উন্মোচিত হয়। ভূপৃষ্ঠ থেকে ১ লাখ ২০ হাজার ফুট উপরে স্ট্রাটোস্ফিয়ার থেকে ট্রফিটি নেমে আসে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ট্রফিটি বিশ্বের ১৮টি দেশের ৪০ এর অধিক শহর ঘুরবে।

আইসিসির গাইডলাইন অনুযায়ী বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফির ফটোসেশন করা যাবে। বিসিবির আগ্রহে এবার পদ্মা সেতুতে হবে ফটোসেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের সেতুটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। গতবার ২০১৯ বিশ্বকাপের আগে সংসদ ভবনে হয়েছিল এই ফটোসেশন।

আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। দশ দলের অংশগ্রহণে যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের ১০টি শহরের ১০টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.