নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আজ সোমবারের মধ্যে প্রধানমন্ত্রী মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সিদ্ধান্ত না দিলে আগামীকাল মঙ্গলবার (১ আগস্ট) থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা এ কর্মসূচি ঘোষণা করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে আজ ২১তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা। গত ১১ জুলাই থেকে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, গত ৭ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ এবং বিটিএর সভাপতি ও আমিসহ ৫ সদস্যের প্রতিনিধিগণ বৈঠক করি। মহাপরিচালক বিটিএ নেতৃবৃন্দের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের আয়োজন করেন। বৈঠকের আগে ও পরে শিক্ষকদের কটাক্ষ করে শিক্ষামন্ত্রীর দেওয়া বক্তব্যে এবং গ্রীষ্মের ছুটি বাতিলের সিদ্ধান্তে সরাদেশের বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ মর্মাহত হন। গ্রীষ্মের ছুটি শীতকালে প্রদানের ঘোষণায় সারাদেশের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।
তিনি বলেন, শিক্ষক-কর্মচারীগণ শিক্ষামন্ত্রীর অসৌজন্যমূলক বক্তব্যসহ গ্রীষ্মের ছুটি বাতিলের নির্দেশ প্রত্যাখানের ফলে প্রেসক্লাবের সামনে প্রতিনিয়ত শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি বাড়ছে। আজ বিকেলের মধ্যে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত না পেলে আগামীকাল ১ আগস্ট থেকে আমরা আমরণ অনশনে যাব ।
এই শিক্ষক নেতা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা ৫ মিনিটের কথা বলতে চাই। সেই ৫ মিনিটের সাক্ষাৎ যদি আমরা আজকের মধ্যে না পাই, বা আমাদের নির্দেশনা দিয়ে শ্রেণিকক্ষে ফিরিয়ে না নিলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাফনের কাপড় পরে প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

