যশোরঃ এ বছর এসএসসিতে যশোর শিক্ষা বোর্ডের তিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করেনি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিশ্বাস শাহিন আহম্মদ।
শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরে এক ব্রিফিং এ তথ্য জানান তিনি।
ডক্টর বিশ্বাস শাহিন আহম্মদ জানান, খুলনা বিভাগের ২ হাজার ৫৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৯২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৫৫ হাজার ৭৫৯ জন। যাদের মধ্যে পাশ করেছে ১ লাখ ৩৪ হাজার ২১৩ জন। পাসের হার ৮৬.১৭। এবছর ১৯৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে; অর্থাৎ শতভাগ পাশ করেছে। আর শতভাগ ফেল করেছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে।
শিক্ষা প্রতিষ্ঠান তিনটি হলো সাতক্ষীরার তালা উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল সদর উপজেলার মুলাদী তালতলা মাধ্যমিক বিদ্যালয় ও যশোরের শার্শা উপজেলার সাড়াতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ জন, মুলাদী তালতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জন ও সাড়াতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলো। এসব শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তাদের জবাবের উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বোর্ড কর্তৃপক্ষ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

