সন্তান ফেলে ‘শিক্ষকের কাছে’ প্রবাসীর স্ত্রী, ফেরাতে মায়ের আকুতি

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার আখাউড়ায় এক শিক্ষকের কাছ থেকে মেয়েকে উদ্ধারের দাবি জানিয়েছেন বিলকিছ বেগম। বুধবার দুপুরে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের বিল্লাল ভূইয়ার বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওই মেয়ের শিশু সন্তান, মেয়ের বাবা, শ্বশুর-শাশুড়ি ও পরিবারের অন্য সদস্য।

বিলকিছ বেগম লিখিত বক্তব্যে বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী গ্রাম হীরাপুরের মৃত জানু মিয়ার ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির মাস্টার (৩৭) একসময় আমার মেয়েকে প্রাইভেট পড়াত। এ সময় সে আমার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করে। আমরা মানসম্মানের কথা চিন্তা করে মেয়েকে অন্যত্র বিয়ে দেই। বর্তমানে মেয়ের স্বামী প্রবাসে রয়েছে। তার একটি ১৭ মাস বয়সী ছেলে সন্তানও আছে। কিন্তু বিয়ের পরও মনির মাস্টার আমার মেয়ের সাথে যোগাযোগ রাখতে চাইলে আমরা তাকে নিষেধ করি। এ কারণে সে আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে আদালতে একটি মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করে আসছে।’

তিনি বলেন, ‘গত ২০ জুলাই আমি মেয়েকে নিয়ে ওই মামলার হাজিরা দিতে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাই। ফেরার সময় মনির মাস্টার ও তার সঙ্গীরা আদালত গেটের সামনে থেকে আমার মেয়েকে জোর করে সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে আমার মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না। এ ঘটনায় আমি আদালতে মামলা করেছি।’

তিনি অভিযোগ করেন, মনির মাস্টার তার মেয়েকে গোপন কোনো জায়গায় লুকিয়ে রেখেছেন। মেয়েকে উদ্ধারের জন্য স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকসহ প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

কান্নাজড়িত কণ্ঠে বিলকিছ বেগম বলেন, ‘১৭ মাস বয়সী আমার নাতি মাকে না দেখে কান্নাকাটি করে। কিছু খেতে চায় না। দিন দিন না খেয়ে সে অসুস্থ হয়ে পরছে। মনির মাস্টার আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। সে মঙ্গলবার রাতেও আমাকে ফোন দিয়ে সংবাদ সম্মেলন না করার জন্য হুমকি দিয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম বলেন, ‘এসব অভিযোগ সত্য নয়। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ করছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.