চট্টগ্রামঃ হাইকোর্টের নির্দেশকে উপেক্ষা করে পটিয়া পৌরসভার শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিক্ষককে পাঠদান থেকে বিরত রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শশাংকমালা প্রাথমিক বিদ্যালয় থেকে বদলি হওয়া ৭ শিক্ষক হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট গত ৫ জুলাই তাদের বদলির আদেশ স্থগিত করে। এরপর গত ১২ জুলাই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে তাদের পূর্বের কর্মস্থল শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আপিল আবেদন করেন। গত ১৬ জুলাই শুনানি শেষে চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া আদেশ ও রুলনিশির জবাব না দেওয়া পর্যন্ত হাইকোর্টের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়ে আবেদনটি খারিজ করে দেন। ফলে হাইকোর্টের স্থগিতাদেশ আপিল বিভাগেও বহাল থাকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদের সাথে পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু তৈয়ব সোহেল ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষিকা উম্মে হাবিবার মধ্যে বিরোধের কারণে গত ১৩ জুন একযোগে ১৭ শিক্ষককে বদলি করা হয়। এর মধ্যে ৭ জন শিক্ষক হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে ৭ শিক্ষকের বদলির আদেশ স্থগিত করে। বদলির কারণে বিভিন্ন বিদ্যালয় থেকে ৭ জন শিক্ষক শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৯ জুলাই যোগদান করেন।
এর মধ্যে প্রধান শিক্ষিকা দিলুয়ারা বেগম তাদের ক্লাস বণ্টন করে দেন। কিন্তু বদলি আদেশ স্থগিত হওয়া ৭ শিক্ষক গত ১০ জুলাই বিদ্যালয়ে যোগদান করার পর থেকে প্রতিদিন বিদ্যালয়ে হাজিরা দিয়ে বসে থেকে খোশগল্প করে সময় কাটিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তাদেরকে পাঠদানের জন্য এখনো কোনো ক্লাস বণ্টন করে দেওয়া হয়নি। এছাড়া তাদের কোনো কাজকর্মও দিচ্ছে না।
এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক দিলুয়ারা বেগম জানান, জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ক্লাস নেওয়ার অনুমতি না পাওয়ায় তাদেরকে ক্লাস বণ্টন করা যাচ্ছে না।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা চাইলে এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারে। বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য
ফাহমিদা আকতার জানান, প্রধান শিক্ষক হারুনুর রশিদ একজন সৎ ও যোগ্য শিক্ষক ছিলেন। কিন্তু কমিটির একজন সদস্য ও এক শিক্ষিকার সাথে বিরোধের কারণে পুরো বিদ্যালয়ের হযবরল অবস্থার সৃষ্টি হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
