এমপিও শিক্ষকদেরও প্রতি বছর ৫ শতাংশ বিশেষ সুবিধার আলাদা আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি কর্মচারীদের বেতনের ৫ শতাংশ বিশেষ সুবিধা দেয়ার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মতোই সরকারি অনুদানে পরিচালিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকারের দেয়া বিশেষ সুবিধা পাবেন। অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান খান বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন। এ বিষয়ে আলাদা আদেশ জারি করা হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বিশেষ সুবিধা পাবেন বলে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগের উপসচিব মো. নূর-ই-আলম। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বিশেষ সুবিধা দেয়ার আলাদা আদেশ জারি হয়েছে।

স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা পাঁচ শতাংশ বিশেষ সুবিধা পাবেন বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের বাস্তাবায়ন অনুবিভাগের উপসচিব মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত আদেশে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০২৩ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই তারিখে ৫ শতাংশ হারে, তবে ১ হাজার টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ পাবেন।

আদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।

জানা গেছে, আগামী ১ জুলাই থেকে চাকরিরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। তবে এ সুবিধা ১ হাজার টাকার কম হবে না। সরকারি কর্মচারীরা প্রতি বছরই এ বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। জানা গেছে, বিশেষ সুবিধা পাবেন পেনশনারাও। পুনঃস্থাপনকৃত পেনশনাররাসহ সরকারের কাছ থেকে পেনশন গ্রহণ করা পেনশনাররা নিট পেনশনের ওপর ৫ শতাংশ বিশেষ সুবিধা পাবেন। তবে, তা ৫০০ টাকার কম হবে না। কিন্তু শতভাগ পেনশন সমার্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করা পেনশনাররা এ বিশেষ সুবিধা পাবেন না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.