এবার সরকারি চাকরিজীবীদের আরও করছাড় দিল সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  সরকারি চাকুরেদের প্রণোদনা দেওয়ার প্রজ্ঞাপন জারির পর তাদের আরও করছাড়ের সুবিধা দিল সরকার। সরকারি কর্মচারীরা মূল বেতন ও বোনাস ছাড়া আর যা পান, তার ওপর আর আয়কর দিতে হবে না।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে বুধবার এ করছাড়ের ঘোষণা দেয়।

নতুন আয়কর আইনের আলোকে মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। সরকারি চাকুরেরা আগেও বেশ কিছু ক্ষেত্রে করছাড় পেতেন, তবে এবারের প্রজ্ঞাপনে এর পরিধি বাড়ল।

এত দিন সরকারি কর্মচারীরা যেসব খাতে করছাড় পেতেন সেগুলো হচ্ছে- বাড়িভাড়ায় মূল বেতনের ৫০ শতাংশ অথবা তিন লাখ টাকা পর্যন্ত হলে তাতে কর দিতে হতো না। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও মূল বেতনের ১০ শতাংশ অথবা ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত কর নেই। অবশ্য বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় এমন ছাড় সব চাকরিজীবী করদাতা পান।

এ ছাড়া সরকারি কর্মকর্তাদের করমুক্ত ভাতাগুলোর তালিকায় আরও আছে- বৈশাখী ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, দায়িত্ব ভাতা, পাহাড়ি ভাতা, ধোলাই ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি-বিনোদন ভাতা ও টিএ-ডিএ।

তবে নতুন আইনে বলা হয়েছে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে এক–তৃতীয়াংশ বা সাড়ে ৪ লাখ টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ ভাতা হিসেবে কর ছাড় পাবে।

প্রসঙ্গত, মঙ্গলবার সরকারি কর্মচারী ও পেনশনভোগী কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রদানের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এরপর আজ জানা গেলে সরকারি কর্মচারীদের করছাড়ের ঘোষণা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.