জাতীয়করণ: বিকেল সাড়ে তিনটায় মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর থেকে শিক্ষকদের স্কুলে উপস্থিত থাকার নির্দেশ দিলেও সরকারিকরণের দাবিতে তারা অনড়। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে সরকারিকরণের এক দফা দাবিতে এ কর্মসূচি চলছে।

বুধবার সকালে নবম দিনের মতো অবস্থান ধর্মঘট শুরু করেন শিক্ষকরা। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক আজ বিকেল সাড়ে তিনটায়। বুধবার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে উপস্থিতি থাকবেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অন্যান্য কয়েকটি শিক্ষক সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক। তবে বিটিএর কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। তিনি এর আগে পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

আহত বিটিএ’র কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া। ছবিঃ শিক্ষাবার্তা

অন্যদিকে শিক্ষামন্ত্রীর সাথে মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বৈঠকে।

এদিকে বুধবার সকাল থেকেই প্রেসক্লাবের সামনে ফুটপাতে বসে বক্তব্য দিচ্ছেন শিক্ষক নেতারা। আর কদম ফোয়ারা থেকে পল্টন মোড় পর্যন্ত শিক্ষকরা অবস্থান করে হাততালি ও স্লোগান দিচ্ছেন। তাদের এই আন্দোলনের ফলে তোপখানা সড়কের পল্টন-কদম ফোয়ারা এবং কদম ফোয়ারা-পল্টন মোড় অংশে যানচলাচল বন্ধ রয়েছে।

শিক্ষকরা বলছেন, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে সরকারিকরণের দাবি নিয়ে রাজপথে অবস্থান করছেন। কোনো নোটিশে ফিরে যাবেন না। সরকারিকরণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা রাজপথেই থাকবেন।

তাঁরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সরকারিকরণের ঘোষণা দিলে আমরা রাজপথ ছেড়ে দেব। আর দাবি আদায়ে যে কয়দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থেকেছে, সে কয়দিনের ছুটি গ্রীষ্মকালীন ছুটির সাথে সমন্বয় করব।

গত ১১ জুলাই থেকে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন বিটিএ নেতারা। গত ১৬ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোর কর্মসূচি পালন করছেন তারা। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক হাজার শিক্ষক অংশ নিচ্ছেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কের দুই পাশে তারা অবস্থান নিয়েছেন। ফলে প্রেস ক্লাবের সামনে পল্টন থেকে কদম ফোয়ারাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা শিক্ষকদের সড়কের একটি লেন ছেড়ে দিতে বলছেন। বিটিএ নেতারাও সাধারণ শিক্ষকদের সড়কের একটি লেন ছেড়ে দিয়ে অবস্থান নেয়ার অনুরোধ জানিয়েছেন। সোমবার অবস্থানরত শিক্ষকরা সড়কের দুই লেনে অবস্থান করায় তাদের ওপর লাঠিচার্জ করেছিল পুলিশ।

এ ঘটনার পর শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষকদের দাবি-দাওয়াগুলো নিয়ে তারা যেন শিক্ষামন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে।

অবস্থানরত শিক্ষকরা বলছেন, এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া ও পাঁচ শ’ টাকা চিকিৎসা ভাতা পান। একই কারিকুলামে একই সিলেবাসে পাঠদান করিয়েও সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনে রয়েছে বিস্তর পার্থক্য। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানদের থেকে এক ধাপ নিচে বেতন দেয়া হচ্ছে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়।

তাছাড়া বিগত কয়েক বছর যাবত অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত চার শতাংশ কেটে নেয়া হচ্ছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হলেও প্রতিকার পাওয়া যায়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.