গৌরীপুরে স্কুলে স্কুলে তালা, ফিরে গেল শিক্ষার্থীরা!

ময়মনসিংহঃ জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে জেলার গৌরীপুরে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গতকাল রবিবার ও আজ সোমবার তালা ঝুলছে। কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। ফলে ফিরে গেছে শিক্ষার্থীরা।

বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মো. এনামূল হক সরকার জানান, উপজেলার মাধ্যমিক পর্যায়ে সব প্রতিষ্ঠানে তালা ঝুলছে। আমরা ঢাকায় অবস্থান করছি। আন্দোলনে সব শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করায় অভিবাদন জানাচ্ছি।

এদিকে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা ফেরদৌসী জানায়, স্যারেরা আসেন নাই। ক্লাসেও হয়নি। তাই ফিরে যাচ্ছি।

নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, স্যারেরা আন্দোলন আছেন, তাই ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলার শিক্ষকরা জানান, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। এছাড়া বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। বিগত কয়েক বছর ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ শতাংশ কেটে নেওয়া হচ্ছে। এর প্রতিবাদে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও প্রতিকার পাওয়া যায়নি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.