ময়মনসিংহঃ জেলার গফরগাঁওয়ে চারটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাল সনদধারী ১১ শিক্ষকের বিরুদ্ধে নোটিশ ও তাদের উত্তোলনকৃত বেতনের সমুদয় টাকা আদায়যোগ্য বলে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী মৌলভী সফিকুল ইসলাম, আঠারো দানা উচ্চ বিদ্যালয়ের সহকারি মৌলভী ফাতেমা আক্তার, সাহেব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী আছমা খাতুন, দত্তের বাজার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মোসাম্মৎ সালমা আক্তার, সহকারী শিক্ষক নাছির উদ্দিন, সহকারী শিক্ষক আজহারুল ইসলাম, সহকারী শিক্ষক মোশারফ হোসেন, সহকারী শিক্ষক শাকিলা মোসাম্মৎ নিলু, সহকারী শিক্ষক রাজিউল হক, সহকারী শিক্ষক দ্বীন ইসলামসহ চার শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ শিক্ষক জাল সনদে দীর্ঘদিন যাবত চাকরি করে বেতন উত্তোলন করেছেন।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের সনদ যাচাই-বাছাই করে জাল সনদধারী শিক্ষক-কর্মচারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশসহ ব্যবস্থা গ্রহণ ও তাদের উত্তোলনকৃত বেতনের সমুদয় টাকা আদায়যোগ্য বলে নির্দেশ দিয়েছে। তবে স্থানীয় একটি অসাধু চক্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অকার্যকর করে অভিযুক্ত শিক্ষকদের বহাল রাখার জন্য দৌড়-ঝাঁপ শুরু করেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে প্রেরিত চিঠিতে জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে এমপিও বন্ধ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাকরিচ্যুত করা, অবৈধভাবে গ্রহণকৃত বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ করা, অবসর গ্রহণকারীদের অবসর সুবিধা বাতিল করা, জাল সনদধারীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ফৌজদারি অপরাধের মামলা দায়ের, জাল সনদধারীদের নিয়োগ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণসহ সাতটি নির্দেশনা দেয়া হয়েছে।দত্তেরবাজার ইউনিয়ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, আমার বিদ্যালয়ের সাত জনের মধ্যে দুজনের চাকরি থেকে চলে গেছে। অন্যরা নোটিশের জবাব দেবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি অভিযুক্ত শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের অবহিত করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
