শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সারাদেশের ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত আছে। ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। এই সময়ে আরও ১ হাজার ৬২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছর এক দিনে যা সর্বোচ্চ। শনিবার (১৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ১ হাজার ৬২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৬৮ জনই রাজধানীর বাসিন্দা। বাকি ৪৫৫ জন রাজধানীর বাইরের। এই সময়ে নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪ হাজার ৯৪৭ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩ হাজার ২৩৮ জন। এছাড়া ঢাকার বাইরে ১ হাজার ৭০৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
এর বাইরেও রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ডেঙ্গু মশার লার্ভা পাওয়াতে। অন্যদিকে যশোরে দু’জনের মৃত্যুর পরও পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেবার বিষয়ে অবহেলার অভিযোগ উঠেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১৯ হাজার ৪৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৪ হাজার ৪০৭ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১০০ জন। প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
২০২০ সালে করোনা মহামারীকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা গেছেন।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ই ব্লকে ১৪ শয্যার নতুন ডেঙ্গু কর্নার চালু হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এই কর্নার উদ্বোধন করেন। এসময় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করতে হবে। এবছর ডেঙ্গুর প্যাটার্নটা একটু ভিন্ন। দেখা যাচ্ছে ডেঙ্গু রোগীরা এর আগে একাধিকবার আক্রান্ত হয়েছিল। ফলে রোগীদের হেমোরেজিকের সম্ভাবনা বেশি থাকে। কোন কোন রোগীর দ্রুত অবনতি হচ্ছে। এরকম হলে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে।
ভিসি বলেন, সাধারণ জরুরি বিভাগ, ইন্টারনাল মেডিসিন বিভাগ, শিশু বিভাগে, এইচডিইউতে ইতোমধ্যে ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় এই কর্নার চালু করা হলো। প্রয়োজনে এফ ব্লকেও ডেঙ্গু কর্নার চালু করা হবে। উপাচার্য জানান, বর্তমানে মোট ৫০ শয্যার ডেঙ্গু কর্নার চালু রয়েছে। এর সঙ্গে বহির্বিভাগে অনেক রোগীকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
রাজশাহী : জেলায় ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজশাহী সিটি করপোরেশন। এসময় ডেঙ্গু মশার লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বেলা ১১টার দিকে এ অভিযান চালানো হয়। এছাড়াও ফুটপাতে দোকানপাট বসানোর অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সচিব মো. মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে শনিবার সকালে নগরীর ভদ্রা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় এডিস মশার লার্ভা পাওয়ায় আদ দ্বীন প্রোপাটিজ ও বাবুল ফিলিং স্টেশনকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, জেলা কিটতত্ত্ববিদ উম্মে হাবিবা, বিভাগীয় স্বাস্থ্য অফিসের কিটতত্ত্বীয় টেকনিশিয়ান মো. আবদুল বারী, রাজশাহী সিটি করপোরেশনের উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকর্তা (মনিটরিং) সৈয়দ জুবায়ের হোসেন মুন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।
যশোর : যশোরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯ জন। এনিয়ে যশোরে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হয়েছেন ৮৬ জন। শনিবার দুপুরে যশোর সিভিল সার্জনের মিডিয়া সেলে এতথ্য জানানো হয়েছে। এদিকে যশোরের কয়েকটি উপজেলা ডেঙ্গুর ‘হটস্পট’ হলেও মশা নিধনের তৎপরতা নিয়ে হতাশ এলাকাবাসী। সংশ্লিষ্টরা দ্রুত তৎপর না হলে ডেঙ্গুর ভয়াবহতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যশোর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন চৌগাছা কয়ারপাড়া গ্রামের সমীর কর্মকারের স্ত্রী দোলন কর্মকার (৩৩) এবং বাঘারপাড়া উপজেলার বাসিন্দা আবদুল গফফার (৬৫)। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা দুজনই স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১২ জুলাই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। গত শুক্রবার তাদের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই হার্টের ও ডায়াবেটিস রোগী ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯ জন। আক্রান্তরা সবাই যশোর জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ডেঙ্গুতে আক্রান্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়া দুজনই স্থানীয়ভাবে আক্রান্ত ছিলেন। তিনি জানান, যশোরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। খারাপ হতে পারে এমন আশঙ্কায় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যশোর জেনারেল হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন উপজেলায় নিয়মিত উঠান বৈঠক ও অবহিতকরণ সভা করা হচ্ছে।
ডেঙ্গুর ঝুঁকিতে থাকা যশোরে মশা নিধনে স্প্রে বা এডিশ মশার লার্ভা ধ্বংসে প্রত্যাশিত তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন শহরবাসী। তারা বলছেন, ইতোমধ্যে সদর ও অভয়নগর উপজেলা ডেঙ্গুর ‘হটস্পট’ হলেও মশার লার্ভা ধ্বংসে অভিযান চালানো হয়নি। সংশ্লিষ্টদের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু হাকডাকই শোনা যাচ্ছে।
শহরের জেল রোডের বাসিন্দা শিউলি বেগম বলেন, তাদের এলাকায় কখনো মশার ওষুধ ছিটানো হয়নি। মশার ওষুধ শেষ কবে আমাদের এলাকায় দিয়েছে আমরা কেউ বলতে পারি না। শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা হাসানুজ্জামান বলেন, হাসপাতালে রোগী ভর্তির কারণে জানতে পারছি জেলায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই এলাকায় মশা নিধনের কোন কার্যক্রম কারও নজরে পড়েনি।
যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ জানিয়েছেন, চলতি মাসের শেষে ৯টি ওয়ার্ডে একসঙ্গে মশক নিধন কার্যক্রম শুরু করা হবে। ডেঙ্গু ভাইরাস থেকে রক্ষা পেতে পৌরসভার উদ্যোগে প্রচার প্রচারণা চালানো হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
