নাটোরঃ জেলার বাগাতিপাড়ায় দীর্ঘদিন এমপিওভুক্ত না হওয়ায় বিনা বেতনে চাকরি শেষে অবসরে যাওয়া সেই মাদরাসা শিক্ষক হারুন অর রশিদ এবার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং একইদিন বিকেলে তিনটায় জানাজা শেষে পাঁকা কেন্দ্রীয় গোরস্থানে হারুন অর রশিদের মরদেহ দাফন করা হয়।
শিক্ষাগুরু হারুন অর রশিদ নাটোরের বাগাতিপাড়ার পাঁকা দক্ষিনপাড়া গ্রামের মৃত আব্বাস প্রামানিকের ছেলে।
হারুন অর রশিদ স্থানীয় সাধারণ জনগণ থেকে শুরু করে নেতা নেতৃত্ব সহ সকল শ্রেণির পেশার মানুষের কাছে ভালোবাসার পাত্র মুন্সি হিসেবে পরিচিতি ছিলেন। তিনি ছাত্রজীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একই মসজিদের দীর্ঘ ৫৫ বছর ধরে ইমামের দায়িত্ব পালন করেছেন।
শিক্ষক হারুনের ছেলে মাহাবুবুর রহমান জানান, তার বাবা একসময় পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী চকরপাড়া দাখিল মাদরাসার কারি শিক্ষক ছিলেন। ওই প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় সেখান থেকে তিনি একই এলাকার আড়ানী দাখিল মাদরাসায় একই পদে যোগদান করেন। কিন্তু নিয়মের বেড়াজালে ওই শিক্ষাপ্রতিষ্ঠানটিও এমপিওভুক্ত হয়নি। দীর্ঘদিন মাদরাসায় বিনা বেতনে শিক্ষকতা শেষে ২০২১ সালে সনদের জন্মতারিখ অনুযায়ী ৬০ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসর নিতে হয়। যদিও তার প্রকৃত বয়স আরও বেশি ছিল। তবে ছাত্রজীবন থেকেই তার বাবা ইমামতি করতেন।
তিনি জানান, নিজের জমিজমা চাষাবাদ করে এবং ইমামতি আর কুরআন শিক্ষা দিয়ে যেটুকু আয় করতেন তা দিয়েই তার চার ছেলে ও চার মেয়েকে মানুষ করেছেন। সন্তানদের মধ্যেও এক ছেলে ও এক মেয়ে মারা গেছেন। অন্য ছেলেদের একজন সেনাবাহিনীতে, একজন মাদরাসার শিক্ষকতা ও একজন কৃষি কাজ করেন। আর মেয়েদের বিয়ে দিয়েছেন।
মাহাবুবুর আরও জানান, গত ১১ জুলাই তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে বৃহস্পতিবার ভোর ৫টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিন বিকেলে তিনটায় জানাজা শেষে পাঁকা কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
তকিনগর-দিয়াড় গ্রামের শিক্ষক হাসানুজ্জামান রতন জানান, শিক্ষক হারুন অর রশিদ তার দাদার সময়ে নির্মিত তকিনগর মসজিদে দীর্ঘ ৫৫ বছর যাবত ইমামের দায়িত্ব পালন করতেন। তিনি অত্যন্ত ধার্মিক ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি সারাজীবন মাদরাসায় শিক্ষকতা করেও বিনা বেতনেই জীবনের পরিসমাপ্তি ঘটলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
