একদিনে ডেঙ্গুতে মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ১২৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে।

এ ছাড়া, নতুন করে আরও এক হাজার ২৪৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৭৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৪৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭০৯ জন ও ঢাকার বাইরের ৫৩৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ১৪৩ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১১ হাজার এক জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ১৪২ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ২৬৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮ হাজার ৪০২ জন এবং ঢাকার বাইরের ৩ হাজার ৮৬২ জন।

২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.