এইমাত্র পাওয়া

বিশ্বকাপজয়ী এমি মার্তিনেজ ঢাকায়

ঢাকাঃ  বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ১১ ঘণ্টার সফরে ভোরে ঢাকায় এসেছেন।

ভোর সাড়ে পাঁচটায় নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট পর আমস্টারডাম থেকে সরাসরি তাকে বহনকারী বিমান ঢাকায় এসে পৌঁছায়। বিমানবন্দরে তার জন্য ছিল কড়া নিরাপত্তা। আগেই জানা ছিল, সমর্থকদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ নেই। তাই বিমানবন্দরে দেখা মেলেনি আর্জেন্টিনার পার ভক্তদেরও।

সাদা-কালো ডেনিম জ্যাকেট, ভেতরে সাদা টি শার্ট, কালো প্যান্ট আর কাঁধে একই রঙের ব্যাগ নিয়ে এমি মার্তিনেজ বেরিয়ে আসেন বিমানবন্দর থেকে। বিমান থেকে নামার পর থেকেই বিভিন্ন মুহূর্ত নিজের মুঠোফোনে বন্দী করে রাখতে দেখা যায় তাকে। ভিভিআইপি গেট দিয়ে যখন বেরিয়ে আসেন তখনও দেখা যায় নিজের মোবাইলে ছবি বা ভিডিও করছিলেন। তাকে স্বাগত জানান বাংলাদেশে তার সফরের স্পন্সর করা প্রতিষ্ঠান ফান্ডেডনেক্সট ভেঞ্চারের সিইও সৈয়দ আব্দুল্লাহ জায়েদ এবং চীফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব। বিমানবন্দর থেকে তার গন্তব্য ছিল হোটেল ওয়েস্টিন।

পরে গালিব তার ফেসবুকে এক পোষ্টে গালিব লিখেছেন, ‘এয়ারপোর্ট থেকে হোটেলে যাত্রাপথে গাড়িতে মার্টিনেজকে বলেছিলাম, বাংলাদেশের মানুষ তোমাকে বাজ পাখি নামে ডাকে। বিশ্বাস করুন, পুরোটা রাস্তা সে নামটা বলছিল এবং মুখস্থ করার চেষ্টা করছিল। আমাদের বাজ পাখিকে স্বাগত।’

ইনস্টাগ্রাম পোষ্টে ঢাকার রাস্তার ছবি দিয়ে মার্তিনেজ ক্যাপশন দিয়েছেন, ‘বাংলাদেশ।’ সঙ্গে বাংলাদেশের পতাকা ও ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। কয়েক ঘণ্টা বিশ্রাম শেষে প্রগতি সরণিতে ফান্ডেডনেক্সট’র কার্যালয়ে যান মার্তিনেজ।

তার সঙ্গে দেখা করতে সকাল সকালই  মাশরাফী বিন মোর্ত্তজার ছুটে গেছেন উত্তর বাড্ডায় নেক্সট ভেঞ্চার কার্যালয়ে। দুই সন্তানকে নিয়ে তিনি যান এমির সঙ্গে দেখা করতে।

এমির সঙ্গে দেখা হওয়াতে বেশ অভিভূত ম্যাশ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লিখেন, ‘এমিকে ভালো লাগার শুরু কোপা আমেরিকা থেকেই, যেখানে সে টাইব্রেকারে দুটি গোল আটকে দিয়ে দলকে জয় এনে দিল। কত বছর পর বড় কোনো শিরোপা জিতল আর্জেন্টিনা! লিওনেল মেসিও পেল দেশের হয়ে প্রথম বড় ট্রফির স্বাদ। স্বাভাবিকভাবেই পাখির চোখে তাকিয়ে ছিলাম বিশ্বকাপের দিকে। কিন্তু সৌদি আরবের সাথে হেরে মনে হয়েছিল, আরেকটি বিশ্বকাপও হয়তো শেষ হবে হতাশায়। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো এবং পরে বিশ্বকাপ জয় দেখতে পারাটা ছিল অনেক দিনের লালিত স্বপ্ন পূরণের মতো।’

‘সেই জয়ের অন্যতম নায়ক এমির সঙ্গে দেখা হলো আমাদের এই ঢাকায়। খুব অল্প সময়ের জন্য দেখা, কিন্তু দারুণ এক অনুভূতি। বিশ্বকাপ জয়ী দলের গোলকিপার চোখের সামনে! সে তো জানে না, আমার এবং আমার মতো আরও কত কোটি মানুষের কত বছরের অপেক্ষা শেষ হলো, যেদিন তার ঐ হাত ধরেই আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করল!’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.