এইমাত্র পাওয়া

মোহনপুর কলেজের ৫ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ মাউশির

রাজশাহীঃ মোহনপুর ডিগ্রি কলেজের পাঁচ জন শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ জাল। এসব শিক্ষকদের কেন চাকরিচ্যুত করা হবে না তা  জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কলেজে গভর্নিং বডির সভাপতি, অধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকদের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের জারি করা অফিস আদেশে এসব শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে বলা হয়েছে গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষকে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) জাল নিবন্ধন সনদধারী শিক্ষকরা হলেন— রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মো. আবু বকর, মোছা. কামরুননাহার লাভলী ও মিলন কুমার সরকার। এছাড়া বাংলার প্রভাষক পরিমল কুমার ও ব্যবস্থাপনার প্রভাষক মো. আমজাদ হোসেন।

অফিস আদেশে বলা হয়, জাল সনদধারী শিক্ষকদের নেওয়া বেতন ফেরতের ব্যবস্থা করতে হবে, যারা অবসরে গেছেন (যদি গিয়ে থাকেন) তাদের অবসর সুবিধা ও কল্যাণ সুবিধা বাতিল করতে হবে। স্বেচ্ছায় যারা অবসর নিয়েছেন তাদের আপত্তির টাকা অধ্যক্ষের মাধ্যমে আদায় করতে হবে। জাল সনদধারীদের নিয়োগ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নিতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.