এইমাত্র পাওয়া

ইবতেদায়ি প্রধান নিয়োগ: ক্ষমতা পাচ্ছেন ম্যানেজিং কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদরাসায় ইবতেদায়ি প্রধান পদে নিয়োগ দেবে সংশ্লিষ্ট মাদরাসার ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি। তবে এ পদে নিয়োগ পেতে নিবন্ধন সনদধারী প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন হবে না।

এ পদের শিক্ষক নিবন্ধন সনদধারী প্রার্থীরা বিদ্যমান নীতিমালা অনুযায়ী ইবতেদায়ি মৌলভী পদে আট বছরের অভিজ্ঞতা ছাড়াই ইবতেদায়ি প্রধান পদে নিয়োগ কার্যক্রমে অংশ নিতে পারবেন। এ পদের নিয়োগ আর বিদ্যমান এমপিও নীতিমালা অনুযায়ী ইবতেদায়ি প্রধান পদে নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতা অপরিবর্তিত থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সব ডিসি, ইউএনও, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সব মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের পাঠিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। মাঠ প্রশাসন, মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও মাদরাসা প্রধানদের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

পরিপত্রে বলা হয়, বেসরকারি মাদরাসার এমপিও নীতিমালা অনুযায়ী ইবতেদায়ি প্রধান নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতা অপরিবর্তিত থাকবে। তবে, যেসব প্রার্থী ইতোমধ্যে এ পদে এনটিআরসিএর সনদ লাভ করেছেন, তাদের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি এ পদে যথাযথ প্রক্রিয়া নিয়োগ কার্যক্রম চালাবেন।

২০২০ সালের নভেম্বরে জারি হওয়া মাদরাসার এমপিও নীতিমালা অনুসারে ইবতেদায়ি প্রধান পদে ফাজিল বা সমমান ডিগ্রির শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। আর এ পদে নিয়োগে ইবতেদায়ি মৌলভী পদে আট বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর। তবে, সমপদে ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য।

জানা গেছে, মাদরাসার ইবতেদায়ি প্রধান পদটি আগে এন্ট্রি লেভেলের শিক্ষক পদ হিসেবে বিবেচিত ছিলো। এ পদে নিয়োগ পেতে বেশ কিছু প্রার্থীকে ইতোমধ্যে নিবন্ধিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। কিন্তু ২০২০ সালের নভেম্বরে জারি হওয়া মাদরাসার এমপিও নীতিমালায় ইবতেদায়ি প্রধান পদটি প্রশাসনিক পদ হিসেবে অন্তর্ভুক্ত হয়। এতে ওই পদে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার ক্ষমতা হারায় এনটিআরসিএ।

প্রশাসনিক পদ হিসেবে ওই পদের নিয়োগ কার্যক্রম প্রতিষ্ঠান পরিচালনা কমিটির তত্ত্বাবধায়নে গঠিত নিয়োগ বোর্ডের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা। নীতিমালায় এ ঘোষণার পর থেকে ইবতেদায়ি প্রধান পদে নিয়োগ কার্যক্রম চালায়নি এনটিআরসিএ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.